বাংলাদেশের বিপক্ষেও রোচকে এমনই চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে আমাদের ১০ দিন হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে, ফেবারিট ভাবা যায় এমন দলগুলোর মধ্যে আমরা নেই। খুবই স্বাভাবিক। তবে দেখি, বাইরে থেকেই আমরা কিছু করতে পারি কি না। সবচেয়ে পরিষ্কার এবং প্রত্যাশিত ব্যাপার, স্পিন-সহায়ক পিচে ম্যাচগুলো হাই-স্কোরিং হচ্ছে। সামনের দিনগুলোতেও ব্যাটিংই মূল ভূমিকা রাখবে। কারণ দেখতে তো পাচ্ছিই, বড় রান কত সহজে তাড়া করা যাচ্ছে।আমাদের ঠাসা সূচির কারণে সব ম্যাচ আমি দেখতে পারিনি। তবে আসল ম্যাচটা ঠিকই দেখেছি। ভারত-ইংল্যান্ড। কী ম্যাচই না একটা হলো! একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই হলো। ওয়ানডে ক্রিকেট যে এখনো অনেক রোমাঞ্চকর হতে পারে, এ ম্যাচটি সেটিরই একটি বিজ্ঞাপন।অবস্থা যা দাঁড়িয়েছে, ব্যাটসম্যানদের কোনো বাজে দিন যাওয়া চলবে না। স্কোর বোর্ডে বড় রান চাই দলগুলোর। এর পর দেখতে হবে কী হয়। আমরা তো ডোয়াইন ব্রাভোকে খুব মিস করব। ও দুর্দান্ত এক অলরাউন্ডার এবং এখানকার কন্ডিশনটা ভালো জানে। ওকে হারানোটা আমাদের জন্য বড় এক ধাক্কা এবং এটা হয়তো অনেকের কাছেই একটু ব্যতিক্রমী মনে হবে, ওর বদলে দলে নেওয়া হয়েছে একজন লেগ স্পিনারকে।এসব বাদ দিলে, হল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে আমরা যেভাবে ফিরে এসেছি তাতে আমি খুব খুশি। হল্যান্ড বড় কোনো দল নয়, তবে এটা সমন্বিত এক জয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিনটি বিভাগেই ভালো করেছি আমরা। এটা পরবর্তী ম্যাচগুলোর জন্য আমাদের আত্মবিশ্বাসের পালে হাওয়া জুগিয়েছে।আমি নিজে কিছু রান করেছি। এটা ছিল স্বস্তির একটা ব্যাপার। পোলার্ড, সারওয়ান, ডেভনও রান করেছে। দল হিসেবে আমরা খুব ভালো খেলেছি এদিন। সব দিক দিয়েই নিজেদের সেরাটা খেলতে পেরেছি এবং দলের এই উন্নতিতে আমি খুশি।বোলাররাও তাদের কাজটা ঠিকভাবে করেছে। দ্রুত উইকেট নিয়েছে ওরা এবং ম্যাচটা আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। রোচ তো অসাধারণ বোলিং করেছে। বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম বোলারও হয়ে গেছে সে। আশা করছি, রোচ ফর্মটা ধরে রাখবে এবং বাংলাদেশের বিপক্ষে আমাদের জেতাবে।এই বিশ্বকাপে আরেকটা প্রত্যাশিত ব্যাপার হচ্ছে, এই উইকেটে স্পিনারদের গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। স্পিনের বিপক্ষে খেলার মতো ভালো ব্যাটসম্যান আছে আমাদের। এর আগে স্পিনের বিপক্ষে ভালো করেছে তারা এবং আমরা আশা করছি, আবার তারা এটা প্রমাণ করবে। ব্যাটিং পাওয়ার প্লেও গুরুত্বপূর্ণ। আমার কাছে এটিকে ঝামেলার মনে হচ্ছে। তবে আমার মনে হয়, সব দলের পক্ষে আরও ভালোভাবে এই এটি কাজে লাগানো সম্ভব। এটা এমন যে, কোনো দল পুরো ম্যাচেই উইকেট হারাতে পারে, কোনো দল আবার বেশি মারতে গিয়ে পাওয়ার প্লের সময় বেশি উইকেট হারাতে পারে। দলগুলোকে আরও বুদ্ধিমত্তার সঙ্গে পাওয়ার প্লে ব্যবহার করতে হবে।নির্দিষ্ট কোনো ফেবারিট নেই বলে সবগুলো দলই দাঁড়িয়ে আছে একই সমতলে। কেউ কারও চেয়ে কম নয়। আমরাও এদের একটা তো হতেই পারি?