প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্বকাপের প্রাক-বাছাইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এর আগে গত দুবারই এই পর্বেই শেষ হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। দুবারই প্রতিপক্ষ ছিল এক—তাজিকিস্তান। এর আগে সরাসরি বাছাইপর্বেই খেলার সুযোগ হতো। সব মিলিয়ে আজকের ম্যাচটি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ৩৭তম ম্যাচ। আগের ৩৬টি ম্যাচে জয় মাত্র ৭টি, ২৬টিতেই পরাজয়। বাকি ৩টি ম্যাচ হয়েছে ড্র। ১৯৮৬ বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম অংশ নিয়েছিল বাংলাদেশ, যেটি হয়েছিল আগের বছর। প্রথম ম্যাচটি ছিল ইন্দোনেশিয়ার বিপক্ষে জাকার্তায়। ফলাফল ০-২ গোলে পরাজয়। ওইবার ছয় ম্যাচের দুটিতে জয় এসেছিল। বাছাইপর্বে বাংলাদেশের সর্বোচ্চ ৩-০ গোলের ব্যবধানে জয় এসেছে দুবার শ্রীলঙ্কা (১৯৯৩) ও মঙ্গোলিয়ার (২০০১) বিপক্ষে। সবচেয়ে বড় পরাজয়টি জাপানের বিপক্ষে ০-৮ গোলে, ১৯৯৩ সালে টোকিওতে।