বাংলাদেশের মাটিতে শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার বাংলাদেশে প্রথম খেলতে আসেন তাঁর অভিষেকেরও নয় বছর পর। এর আগে আসার কোনো কারণও ছিল না। তাঁর অভিষেক পরবর্তী সময়টায় বাংলাদেশ যে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেওয়ার সংগ্রামে ব্যস্ত। ১৯৯৮ সালে তিনি প্রথম এই দেশে এলেন। খেলতে নামলেন বাংলাদেশের বিপক্ষে। ১৯৯৮ সালের ১০ জানুয়ারির এক কুয়াশাভেজা হিমেল সকালে ঢাকার মাটিতে প্রথম খেলতে নামলেন। ৫৪ রানের এক ইনিংস খেলে শচীন সূচনা করেছিলেন তাঁর বাংলাদেশ পর্ব। বাংলাদেশের ক্রিকেটামোদীদের জন্য গর্ব করার সবচেয়ে বড় বিষয় হল, একদিনের ক্রিকেটে শচীন তাঁর শেষ ম্যাচটিও খেলেছেন এই বাংলাদেশে, ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ পর্বের শেষটা, তথা শচীনের ওয়ানডে ক্যারিয়ারের শেষটাও হয়েছে দারুণ এক ফিফটি দিয়ে।শচীন টেন্ডুলকার বাংলাদেশের মাটিতে ম্যাচ খেলেছেন মোট ১৬টি। এরমধ্যে ঢাকায় ১৫টি আর একটি চট্টগ্রামে। আরও শ্রেণীবিন্যাস করলে ১১টি ম্যাচ তিনি খেলেছেন ঢাকার অধুনা ক্রিকেট লুপ্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, ৪টি ম্যাচ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এবং একটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।বাংলাদেশের মাটিতে শচীন টেন্ডুলকার অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি দানবীয় ইনিংস খেলেছিলেন। ১৯৯৮ সালের ২৮ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাত্র ১২৮ বল খেলে তিনি ১৪১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের মাটিতে এটিই তাঁর সর্বোচ্চ রানের রেকর্ড। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ঢাকায় ৬টি ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। এই ৬টি ম্যাচে তাঁর পঞ্চাশোর্ধ ইনিংস ৩টি। সর্বোচ্চ ৯৫, ১৯৯৮ সালের ১৪ জানুয়ারি, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এই ঢাকাতেই জীবনের শেষ একদিনের ম্যাচটিতেও পাকিস্তানের বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ৫২ রানের ইনিংস। বাংলাদেশের মাটিতে খেলা তাঁর ১৬টি ম্যাচের ৬টিতে বাংলাদেশ ছিল শচীন টেন্ডুলকারের প্রতিপক্ষ। মজার ব্যাপার হচ্ছে এই ছয়টি ম্যাচের বেশিরভাগেই শচীন ঠিক শচীনের মতো খেলতে পারেননি। তাঁর বিখ্যাত শততম আন্তর্জাতিক সেঞ্চুরিটি (১১৪) এসেছে অবশ্য বাংলাদেশের বিপক্ষে, এই ঢাকাতেই, ২০১২ সালের মার্চে। এই শতকের বাইরে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে শচীনের বলার মতো স্কোর ৫৪ ও ৪৭। আগেই বলা হয়েছে বাংলাদেশের মাটিতে তাঁর প্রথম ম্যাচে তিনি ৫৪ রান করেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ২০০৪ সালের ২৭ ডিসেম্বর তিনি ওই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনি ৪৭ রান করেছিলেন। ১১৪, ৫৪ ও ৪৭ রান ছাড়া ওয়ানডেতে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে বাকী তিনটি ওয়ানডেতে শচীনের স্কোর ৩৬, ১৯ ও ২৮।শচীন টেন্ডুলকার বাংলাদেশ পাকিস্তান ও অস্ট্রেলিয়া ছাড়া বাকী ৩টি ওয়ানডে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে। তথ্যসূত্র: ক্রিকইনফো