বাংলাদেশের মেঘাচ্ছন্ন দ্বিতীয় সেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিনের শেষ সেশনটা খেলল প্রকৃতি! বৃষ্টির হাত থেকে উইকেটকে বাঁচাতে মাঠকর্মীদের তৎপরতা। ছবি: শামসুল হক
প্রথম দিনের শেষ সেশনটা খেলল প্রকৃতি! বৃষ্টির হাত থেকে উইকেটকে বাঁচাতে মাঠকর্মীদের তৎপরতা। ছবি: শামসুল হক

টেস্ট ক্রিকেট এমনই! ক্ষণে ক্ষণে রং বদলায় এই টেস্ট ক্রিকেট। নয়তো মধ্যাহ্নবিরতির পরের সময়টা বাংলাদেশকে এমন মিশ্র অনুভূতির ছোঁয়া দিয়ে যাবে কেন!

প্রথম সেশনে এনামুল হক আর মার্শাল আইয়ূবের উইকেট দুটি বাদ দিলে সময়টা পুরোপুরিই ছিল বাংলাদেশের। তামিম ইকবালের অপরূপ স্ট্রোক প্লের সঙ্গে মার্শাল আইয়ূবের প্রতিশ্রুতিশীল উপস্থিতি চাপে ফেলেছিল কিউইদের। কিন্তু মধ্যাহ্নবিরতির পরের সময়টা উল্টো বাংলাদেশই চাপে। বৃষ্টির কারণে চা-বিরতির পর আর খেলা হয়নি। দুই সেশনের শেষ ঘোষণা করা হয়েছে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা। তবে দ্বিতীয় সেশনেই আরও তিন উইকেট হারানোর বেদনায় নীল বাংলাদেশ দল।

মধ্যাহ্নবিরতির পর সবচেয়ে বড় বেদনা হয়ে এসেছে তামিমের সেঞ্চুরির আক্ষেপ। সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। আগের ম্যাচে বিশাল ইনিংস খেলা মমিনুল হকও দুঃখ দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকবেন কেন! তিনিও উইকেটটি তামিমের মতোই রীতিমতো ছুড়ে দিয়ে এসেছেন!

সাকিব আল হাসান ভালো খেলার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। তাঁর ব্যাটে ইঙ্গিতও মিলছিল বড় কিছুর। কিন্তু ইশ সোধির বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ২০ রানে অপমৃত্যু ঘটেছে বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডারের ইনিংসটির। চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২২৮। এর পর বৃষ্টির কারণে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। মুশফিক ১৪ রানে ব্যাট করছেন। আগের ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি হ্যাটট্রিক করে ইতিহাস গড়া সোহাগ গাজী এখনো রানের খাতা খোলেননি।

আগামীকাল অধিনায়ক মুশফিকুর রহিম আর চট্টগ্রামে ইতিহাস গড়া সোহাগ গাজী নিজেদের ইনিংস কীভাবে গড়ে তুলতে পারেন, তার ওপরই নির্ভর করছে মিরপুর টেস্টের গতি-প্রকৃতির অনেকটাই। এখনো ব্যাট হাতে মাঠে নামেননি নাসির। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছেন সোহাগ।

নিউজিল্যান্ডের পক্ষে এখনো পর্যন্ত সেরা পারফরমার অভিষিক্ত নিল ওয়াগনার। মার্শাল আইয়ূব আর তামিমের উইকেট দুটি নিয়েছেন তিনি। ট্রেন্ট বোল্ট, ইশ সোধি আর অ্যান্ডারসন—প্রত্যেকেরই শিকার একটি করে উইকেট।

মেঘ কেটে গিয়ে কাল সকালে আবার ঝলমলে সূর্য উঁকি দেবে; বাংলাদেশের ইনিংসের মেঘও কেটে যাবে—এমনটাই প্রত্যাশা বাংলাদেশের সমর্থকদের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ২২৮/৫

(প্রথম দিনের খেলা শেষে)

তামিম ৯৫, মমিনুল ৪৭, আইয়ূব ৪১, সাকিব ২০

ওয়াগনার ২/৪২, বোল্ট ১/৫০, অ্যান্ডারসন ১/১৪

টস: বাংলাদেশ