বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় রাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য বছরের পর বছর চাতক পাখির মতো চেয়ে থাকে ভলিবল খেলোয়াড়েরা। সর্বশেষ ২০১০ এসএ গেমসে ইনডোর ভলিবল খেলেছিল বাংলাদেশ। এর পর থেকে হাতে গোনা যে কটি টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ, সবই দেশের বাইরে, সেটাও বিচ ভলিবলে।
২০১২ সালে চীনে, গত বছর থাইল্যান্ডে এশিয়ান বিচ গেমস ছাড়া গত বছরই দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে বিচ ভলিবলে খেলেছিল বাংলাদেশ। আর সর্বশেষ গত জানুয়ারিতে রিও অলিম্পিকের বিচ ভলিবলের বাছাইপর্বে খেলতে গিয়েছিল মালদ্বীপে।
দেশের মাটিতে অবশেষে ভলিবলের বড় আসর বসছে, ২৩-২৮ মে ঢাকায় অনুষ্ঠেয় সেন্ট্রাল এশিয়ান জোনের পুরুষ ভলিবলের অলিম্পিক বাছাইপর্ব। এটিকে নিজেদের প্রমাণের বড় সুযোগ বলেই ভাবছেন খেলোয়াড়েরা।
রিও অলিম্পিকের বাছাইপর্ব সামনে রেখে খেলোয়াড়েরা বেশ রোমাঞ্চিত। মিরপুর ক্রীড়াপল্লীতে গত ২৩ এপ্রিল থেকে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। প্রাথমিক দলে ১৬ জন সুযোগ পেলেও চূড়ান্ত দলে টিকেছেন ১৪ জন। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিদিন অনুশীলন চলছে দুই বেলা। সর্বশেষ বিচ ভলিবল দলের অধিনায়ক সাইদ আল জাবির এই টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইরানে যাওয়া আমাদের প্রথম লক্ষ্য। সর্বোচ্চ চেষ্টাই করব আমরা। ইন্দো-বাংলা গেমসের জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু গেমস স্থগিত হওয়ায় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে অনুশীলন করছি।’ টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান বাদে অন্য সব দল প্রায় একই কাতারের। কোচ ইমদাদুল হকের ভয় তুর্কমেনিস্তানকেই, ‘মালদ্বীপ ও নেপালের সঙ্গে আমরা খেলেছি। অন্যরাও আমাদের মানের। কিন্তু তুর্কমেনিস্তান কঠিন প্রতিপক্ষ।’ ঢাকায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলে সুযোগ পাবে ইরানে ৩১ জুলাই-৮ আগস্ট অনুষ্ঠেয় দ্বিতীয় রাউন্ডে খেলার। তবে প্রতিযোগিতার জন্য এক মাসের প্রস্তুতিকে কোচ মনে করছেন অপর্যাপ্ত, ‘আরও আগে অনুশীলন শুরু করলে ভালো হতো। আমাদের চেষ্টার অবশ্য কমতি থাকবে না। প্রতিপক্ষ সব দেশের ভিডিও সংগ্রহ করেছি। তাদের খেলা বিশ্লেষণ করে অনুশীলন করছি আমরা।’
নেপাল ও আফগানিস্তান ১৮ মে ঢাকায় আসবে। দুটি দলের সঙ্গেই প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।