বাংলাদেশের লক্ষ্য 'পঞ্চম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারলেই হয়তো এমন অবগাহনের অনুভূতি হবে জিমির। কাল হকি ফেডারেশন একাদশের বিপক্ষে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ শেষে দেশসেরা স্ট্রাইকার  প্রথম আলো
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারলেই হয়তো এমন অবগাহনের অনুভূতি হবে জিমির। কাল হকি ফেডারেশন একাদশের বিপক্ষে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ শেষে দেশসেরা স্ট্রাইকার প্রথম আলো

জিমি-চয়নদের কাল দেখানো হলো একটি ভারতীয় ছবি চাক দে ইন্ডিয়া। হকি নিয়ে নির্মিত ছবিটার নাম শুনেই বুঝে নিতে পারেন উদ্দেশ্য। মালয়েশিয়ায় ২৪ আগস্ট-১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নবম এশিয়া কাপের বাংলাদেশ জাতীয় দলকে এই ছবিটা দেখিয়ে দেওয়া হলো উজ্জীবনী মন্ত্র।
এশিয়া কাপ বাংলাদেশের খেলোয়াড়দের কাছে এক অর্থে ‘বিশ্বকাপ’। আর এর জন্য প্রায় আড়াই মাস ধরে নেওয়া হয়েছে প্রস্তুতি। আগামীকাল মালয়েশিয়ায় যাওয়ার আগে খেলোয়াড়েরা বিমানবাহিনীর ফ্যালকন হলে কাল ফটোসেশন দিয়ে শেষ করলেন আনুষ্ঠানিকতা। হলো জার্সি উন্মোচন। সেখানেই খেলোয়াড়-কর্মকর্তারা জানালেন টুর্নামেন্টে পঞ্চম হওয়ার প্রত্যাশা। আট দলের মধ্যে অন্তত ষষ্ঠ হলেও বাংলাদেশ পরের এশিয়া কাপে সরাসরি খেলার সুযোগ পাবে।
এশিয়ায় ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া নামক চার দানবের পাশে বাংলাদেশ বরাবরই বামন। এদের সঙ্গে লড়াই করে আগের আটবার বাংলাদেশ কখনো সেমিফাইনালে উঠতেই পারেনি। এবার তো তিনবারের চ্যাম্পিয়ন কোরিয়া, দুবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। বড় কিছু করার অবাস্তব স্বপ্ন তাই দেখা যায় না। পরাজয়ের ব্যবধান কমানোই আসল লক্ষ্য। যদিও ‘বি’ গ্রুপের অন্য দল ওমানকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ।
বাংলাদেশের ১৮ সদস্যের দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। সর্বশেষ তিনটি এশিয়া কাপের দলেই ছিলেন জাতীয় দলের সেরা স্ট্রাইকার। আর ২০০৭ চেন্নাই এশিয়া কাপে খেলেছেন এই দলের চয়ন, জাহিদ, রানা ও পিন্টু। এই চারজন ছাড়াও কুয়ানতানে (মালয়েশিয়া) সর্বশেষ ২০০৯ এশিয়া কাপের দলে ছিলেন তাপস, কৃষ্ণ ও নিলয়।
অভিজ্ঞতায় যেমন এগিয়ে, আশাবাদেও তেমন এগিয়ে জিমি। এএইচএফ কাপ ও বিশ্ব হকি লিগের দুই রাউন্ডের সাফল্যই আশাবাদী করে তুলেছে তাঁকে। প্রস্তুতি ম্যাচ শেষে কাল বললেন, ‘হয়তো ভারত, কোরিয়ার সঙ্গে হারব, কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মালয়েশিয়া যাচ্ছি। যদি গ্রুপে তৃতীয় হতে পারি তাহলে পরের লক্ষ্য থাকবে পঞ্চম হওয়া। তখন আমাদের কোয়ালিফাইং খেলতে হবে না।’ ২০০৭ সালে কোরিয়ার কাছে ৯ গোল হজম করেছিল বাংলাদেশ, পাকিস্তানের কাছে খেয়েছিল ১০ গোল। ওই দৃঃস্মৃতিটা এখনো তাড়িয়ে বেড়ায় জিমিকে। তবে এখন দিন পাল্টেছে, জিমিও অনেক আত্মবিশ্বাসী, ‘আগে যখন এশিয়া কাপে যেতাম, বড় ব্যবধানে হারতাম। কিন্তু এখন চিন্তাভাবনাই থাকে কম গোল খাওয়ার।’
অনুশীলন নিয়ে সন্তুষ্ট হলেও অধিনায়ক মামুনুর রহমান (চয়ন) চেয়েছিলেন বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে, ‘বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলার কোনো বিকল্প নেই। তবে প্রস্তুতি খারাপ হয়নি। সবার ফিটনেসও ভালো। এবার রক্ষণ নিয়েই বেশি কাজ করেছি। আগে যেমন অনেক গোল খেয়ে আসতাম। এবার আশা করছি সেটা হবে না। পঞ্চম হওয়ার লক্ষ্য নিয়েই যাব।’
খেলোয়াড়দের চেয়ে কোচ নাভিদ আলমের আশাটা একটু বেশি, ‘আমাদের প্রথম লক্ষ্য এশিয়া কাপে কোয়ালিফাই করা। জাপান বা মালয়েশিয়াকে হারিয়ে একটা অঘটনের আশা করছি। আমি জানি, নিজেদের দিনে যেকোনো দলের সঙ্গে ড্র করা বা জেতার যোগ্যতা ছেলেদের আছে।’
কালকের আগ পর্যন্ত কোনো প্রস্তুতি ম্যাচই খেলেনি জাতীয় দল। ঘরোয়া হকি দল এয়ার ইন্ডিয়া, ওএনজিসি ও ফুড করপোরেশন—প্রস্তুতি ম্যাচের জন্য ভারতের এই তিন দলের যেকোনো একটিকে আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে ফেডারেশন। শেষ পর্যন্ত তিন বাহিনীর খেলোয়াড়দের নিয়ে হকি ফেডারেশন একাদশ গড়ে তাদের সঙ্গে জাতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। কাল প্রথম ম্যাচে জাতীয় দল জিতেছে ৪-১ গোলে। আজ দ্বিতীয় ম্যাচ। মালয়েশিয়ায় গিয়ে পাকিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। মালয়েশিয়ার সঙ্গেও নাকি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।

আগামীকাল মালয়েশিয়া রওনা হওয়ার আগে কাল হকি খেলোয়াড়েরা হলেন ক্যামেরাবন্দী  প্রথম আলো
আগামীকাল মালয়েশিয়া রওনা হওয়ার আগে কাল হকি খেলোয়াড়েরা হলেন ক্যামেরাবন্দী প্রথম আলো

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
সাল ভেন্যু দল স্থান
১৯৮২ করাচি ৭ পঞ্চম
১৯৮৫ ঢাকা ১০ ষষ্ঠ
১৯৮৯ দিল্লি ৭ সপ্তম
১৯৯৩ হিরোশিমা ৯ ষষ্ঠ
১৯৯৯ কুয়ালালামপুর ৯ ষষ্ঠ
২০০৩ কুয়ালালামপুর ৮ অষ্টম
২০০৭ চেন্নাই ১১ সপ্তম
২০০৯ কুয়ানতান ৭ সপ্তম