বাংলাদেশের শুভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসিসি ইমার্জিং কাপ
এসিসি ইমার্জিং কাপ

প্রতিপক্ষ সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দল হলেও তাদের বড় ব্যবধানে হারাতে বেগ পেতে হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলের। সিঙ্গাপুরে অনুষ্ঠানরত এসিসি ইমার্জিং টিমস কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবাদের জয় ৮ উইকেটে। টসে জিতে প্রথমে ব্যাট করা সিঙ্গাপুরকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের বোলাররা। লেগ স্পিনার নূর হোসেন ২৫ রানে ৪ উইকেট তুলে নিয়েই মূল ধ্বংসযজ্ঞটি চালান। অপর লেগ স্পিনার সাব্বির রহমান ২৪ রানে ২টি এবং বামহাতি স্পিনার তাজুল ইসলাম ১৯ রানে ২ উইকেট তুলে নিলে অল্প রানেই গুটিয়ে যায় সিঙ্গাপুর।
মামুলি লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে সৌম্য সরকার আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিথুন আলীর দুটি সুন্দর ইনিংসই জয়ের জন্য যথেষ্ট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের জন্য। সৌম্য ৬৫ ও মিথুন ৪৩ রানে অপরাজিত থাকেন। রনি তালুকদার (৬) এবং লিটন দাসের (২) উইকেট দুটি ছিল সিঙ্গাপুরের জন্য দুটি আনন্দের উপলক্ষ। সৌম্য তাঁর ৬৫ রানের পথে ৮১ বল খেলেছেন। এতে ছিল ৬টি চার এবং দুটি ছয়ের মার। মিথুন আলী সাতটি চারে ৫৭ বল খেলে ৪৩ রান করেন। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার অবশ্য উঠেছে নূর হোসেনের হাতেই। প্রথম ম্যাচে সহজ জয়ের পর আগামীকাল কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। কাল সিঙ্গাপুর ক্রিকেট ক্লাবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।