গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্ন নিয়েই আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের নার্সারি দুইয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নামিবিয়াও আজ মুখোমুখি হবে পরস্পরের।
এবারের আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনবার গ্রুপ পর্ব পেরোনো বাংলাদেশের দলটি প্রস্তুতি সেরেছে দারুণভাবেই। দেশে বিকেএসপিতে ছয়টি প্রস্তুতি ম্যাচের চারটিতেই বিজয়ী দলটি আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে, হারিয়েছে পাপুয়া নিউগিনি ও ইংল্যান্ডকে। ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে নামিবিয়া ও ১৯ ফেব্রুয়ারি শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ মাঠে নামছে আজ তবে কালই শুরু হয়ে গেছে ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের এই বিশ্বকাপ। প্রথম দিনে জিতেছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।