বাংলাদেশের সঙ্গী ভারত নেপাল মালদ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে লেবাননের কাছে ৪-০ গোলে হেরে এশিয়ার সেরা ২০-এ জায়গা করে নেওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে বাংলাদেশের। ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় লেগের খেলায় লেবাননকে কমপক্ষে পাঁচ গোলের ব্যবধানে হারাতে পারলে তবেই বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। বাস্তবতার নিরিখে সেটাকে এখন অনেক দূরের ব্যাপার বলেই মনে হচ্ছে।গতকাল বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও মালদ্বীপ মাঠে নেমেছিল। চিরপ্রতিদ্বন্দ্বী এসব দলের ফল কিছুটা হলেও স্বস্তি দিতে পারে বাংলাদেশের মানুষকে। আরও একটি ব্যাপার আবার নতুন করে প্রমাণ হতে পারে, এশিয়ার অন্যান্য দেশের ফুটবলের মানের তুলনায় কতটা পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়া বা সাফ অঞ্চল।সাফ চ্যাম্পিয়ন ও সম্প্রতি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা ভারত দক্ষিণ এশীয় র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকায় সরাসরি বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু কাল আল আইন সিটিতে দক্ষিণ এশীয় জায়ান্টরা আমিরাতের কাছে হেরেছে ৩-০ গোলে। দক্ষিণ এশিয়ার প্রতিভাবান দল হিসেবে বিবেচিত মালদ্বীপের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইরান। তেহরানে অনুষ্ঠিত ম্যাচে ইরান ৪-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। আর আম্মানে জর্ডানের কাছে ৯-০ গোলে পর্যুদস্ত হয়েছে হিমালয়কন্যা নেপাল।