বাংলাদেশের সমস্যা 'সেই চার ওভার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহর ব্যাটে তবু শেষে কিছুটা ঝড় তুলতে পারছে বাংলাদেশ। ফাইল ছবি
মাহমুদউল্লাহর ব্যাটে তবু শেষে কিছুটা ঝড় তুলতে পারছে বাংলাদেশ। ফাইল ছবি

টি-টোয়েন্টিতে ঝড় উঠতে পারে যে কোনো ওভারেই। তবে সব দলের লক্ষ্য থাকে, শেষ পাঁচ-ছয় ওভারে রানের চাকাটা তরতরিয়ে বাড়িয়ে নিতে। কিন্তু এই জায়গায় বেশ পিছিয়ে বাংলাদেশ। সর্বশেষ ৯টি টি-টোয়েন্টির পরিসংখ্যান জানাচ্ছে, বাংলাদেশের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ১৪ থেকে ১৭ ওভার। এই চার ওভারে বাংলাদেশের গড় রান মাত্র ৬.৭৩।

ব্যাটসম্যানদের চড়াও হওয়ার সময় কিনা বাংলাদেশের রানের চাকা আচমকা আটকে যাচ্ছে! শেষ ৩ ওভারে ধুমধাম পিটিয়েও ১৪ থেকে ১৭ ওভারের ঘাটতি পূরণ করা যাচ্ছে না। আর এ কারণে হেরে যাওয়া প্রায় প্রতি ম্যাচেই ১৫-২০ রানের আফসোসে পুড়তে হচ্ছে বাংলাদেশকে।
এশিয়া কাপ দারুণ কাটলেও ১৪ থেকে ১৭ ওভারের সমস্যা থেকে মুক্ত ছিল না বাংলাদেশে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ ওভারে করতে পেরেছে ২৬ রান। সেখানে ভারতীয় ব্যাটসম্যানরা এই সময়ে তুলেছে ১৩.৭৫ গড়ে ৫৫ রান। আরব আমিরাতের বিপক্ষে জিতলেও ৪ ওভারে বাংলাদেশের রান ২৮। শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য কিছুটা উন্নতি, উঠেছে ৩৫ রান। পাকিস্তানের বিপক্ষে লেখ চিত্রটা আবার নিম্নমুখী, ২২ রান। বৃষ্টি বাগড়ায় ফাইনাল ১৫ ওভারে নেমে আসায় হিসাবটা যদি ১০-১২ ওভারে করা হয়, সেদিন বাংলাদেশের রান হয়েছে আরও কম, ১৪। সেখানে বিজয়ী দল ভারত তুলেছে ৯.৭ গড়ে ২৯। এশিয়া কাপে ১৪ থেকে ১৭ ওভারে বাংলাদেশের গড় রান ৬.৪৭।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও এখনো পর্যন্ত এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। হল্যান্ডের বিপক্ষে জিতলেও ওই ৪ ওভারে বাংলাদেশের রান ২৬। হারলেও এই সময়ে ডাচরা করেছে ৩২ রান। শুধু ওমানের বিপক্ষেই ব্যতিক্রম বাংলাদেশ, ১০.৫ গড়ে করেছে ৪২ রান। ২০ ওভার শেষে রানটাও হয়েছে হৃষ্টপুষ্ট, ১৮০।
সুপার টেনে ১৪ থেকে ১৭ ওভারে পাকিস্তান-অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অবস্থা তথৈবচ। ইডেনে ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশ করেছে ২৪ রান। আগে ব্যাটিং করা পাকিস্তান করেছিল ১২.৭৫ গড়ে ৫১ রান। পরশু বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে বাংলাদেশ করেছে ৫.২৫ গড়ে ২১। এই সময় অস্ট্রেলিয়া তুলেছে ৮.২৫ গড়ে ৩৩ রান।
সর্বশেষ ৯ টি-টোয়েন্টিতে যে চারটিতে হেরেছে, প্রতিটিতেই ​ওই ৪ ওভারে পরিষ্কার ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। শুধু এই একটি কারণেই মাশরাফি বিন মুর্তজার দল হেরেছে, তা নয়। তবে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ তো বটেই। নইলে হারার পর কেন বারবার ১৫-২০ রানের আফসোস হবে?
বিশ্বকাপের বাকি দুটি ম্যাচে দারুণ কিছু করতে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের বেরিয়ে আসতে হবে এই সমস্যা থেকে। স্লগ ওভারের অপেক্ষায় না থেকে আক্রমণ শুরু করতে হবে আরও আগে। আরও নির্দিষ্ট করে বললে ১৪ ওভার থেকেই। বিষয়টি যে বাংলাদেশ দলও উপলব্ধি করছে, বোঝা গেল কাল সাকিব আল হাসানের কথায়, ‘শেষ ৬ ওভারের ব্যাটিং যদি উন্নতি করতে পারি, অনেক ভালো করব কালকের (আজ) ম্যাচে।’
এখন করে দেখাতে পারলেই হয়।

এশিয়া কাপে ১৪ থেকে ১৭ ওভারে বাংলাদেশ

প্রতিপক্ষরান গড় 
ভারত ২৬ ৬.৫ 
আরব আমিরাত২৮ ৭
শ্রীলঙ্কা৩৫ ৮.৭৫
পাকিস্তান২২ ৫.৫
ভারত১৪ ৪.৬*

* বৃষ্টিবিঘ্নিত ফাইনাল নেমে এসেছিল ১৫ ওভার। এ ক্ষেত্রে ১০, ১১, ১২ হিসাব করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ থেকে ১৭ ওভারে বাংলাদেশ

প্রতিপক্ষরান গড় 
হল্যান্ড২৬ ৬.৫
ওমান ৪২ ১০.৫
পাকিস্তান২৪ ৬.০
অস্ট্রেলিয়া২১ ৫.২৫