বাংলাদেশের সাইক্লিংয়ে প্যাট-টনিক
চালচুলাহীন বাংলাদেশের সাইক্লিংয়ে ভেলোড্রাম এখনো একটা স্বপ্নের নাম। নিরানন্দ সময়ের চক্রেই সব বৃত্তবন্দী। তবে কালকের দিনটা থাকল ব্যতিক্রম। বিশ্ব সাইক্লিংয়ের সবচেয়ে বড় কর্তাকে কিছু সময় কাছে পাওয়া বাংলাদেশের সাইক্লিংয়ের জন্য স্মরণীয়ও বটে। দিল্লি যাওয়ার পথে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি প্যাট ম্যাকুয়েডের। ইউনিয়ন সাইক্লিস্টে ইন্টারন্যাশিওনালের (ইউসিআই) সভাপতি যানজটে হাঁপিয়ে উঠলেন এই অল্প সময়েই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে এসে পেলেন ফুলেল অভ্যর্থনা। গত বছর পাওয়া বাংলাদেশের আমন্ত্রণ রক্ষা করতে পেরে খুশি আইরিশ ভদ্রলোক। এই পর্যায়ের ব্যক্তিত্বের সফর মানে কিছু পাওয়ার হাতছানি। তবে প্রত্যাশার পারদে লাগাম পরাতে চাইলেন প্যাট, ‘বিশ্ব সংস্থা কোনো আর্থিক অনুদান দেবে না। বাংলাদেশ চাইলে কোচসহ যেকোনো টেকনিক্যাল সহায়তা দেওয়া যেতে পারে।’বাংলাদেশের একটা ভেলোড্রাম খুবই প্রয়োজন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কোর্টেই বল পাঠালেন প্যাট, ‘ভেলোড্রাম করতে চাইলে সরকারি সাহায্য লাগবে। বিশ্ব সংস্থা নকশা এবং কারিগরি সহায়তার বাইরে আর কিছু দিতে পারবে না।’বাংলাদেশকে সহায়তা নিতে প্রস্তুত কিনা সেটিও অবশ্য বড় প্রশ্ন। সম্প্রতি বাংলাদেশকে দেওয়া বিশ্ব সাইক্লিং সংস্থার ২০টি আধুনিক সাইকেল পড়ে আছে ঢাকা বিমানবন্দরে! শুল্কমুক্তভাবে এগুলোর ছাড়করণের জন্য ফেডারেশন কর্তারা সরকারি অফিসে ধরনা দিলেও কাজ হচ্ছে না। শেষে না উচ্চমূল্যের সাইকেলগুলো নিলামে উঠে যায়!প্যাট জানালেন, এই অঞ্চলে সাইক্লিংয়ের ভবিষ্যৎ ভালোই। ভারতে সাইক্লিং একটা ভিত্তি পেয়ে গেছে। যাতে প্রত্যক্ষ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সাইক্লিং সংস্থা। বাংলাদেশ চাইলে এশিয়ান টুরে যোগ দিতে পারে, বললেন তিনি।সাইক্লিং পরিবার থেকে উঠে আসা প্যাটের সাইক্লিস্ট বাবা ১৯৪৮ লন্ডন অলিম্পিকে খেলেছেন। নিজে সত্তর-আশির দশকে খেলেছেন বিশ্ব সাইক্লিং প্রতিযোগিতায়। ২০০৫ সাল থেকে ইউসিআইয়ের সভাপতি বহুবার ভারতে এসেছেন। ১২ মার্চ এশিয়ান সাইক্লিং কনফেডারেশনের কংগ্রেস ও নির্বাচনকে সামনে রেখে আজ সকালে আরও একবার যাচ্ছেন দিল্লি। ঢাকায় তাঁর এই ঝটিকা সফর কি বাংলাদেশের খেলাধুলার একটা আন্তর্জাতিক দুয়ার খুলল?