বাংলাদেশের সামনে আরও প্রীতি ম্যাচ
আন্তর্জাতিক ম্যাচের অনুশীলন-বুভুক্ষু বাংলাদেশের ফুটবলাররা আগামী দু-তিন মাসের মধ্যে অনেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। গত সপ্তাহেই নেপালের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে এসেছে বাংলাদেশ। এখন আরও কয়েকটি প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছেন বাফুফে সভাপতি। আগামী নভেম্বরে থাইল্যান্ডের সঙ্গে সে দেশে গিয়ে খেলবে বাংলাদেশ, ফিরতি ম্যাচ হওয়ার কথা ঢাকায়। তবে ওই ম্যাচগুলোর দিনক্ষণ চূড়ান্ত করা হবে বাংলাদেশের ঘরোয়া লিগের সূচি দেখে। নেপালের সঙ্গেও একইভাবে ফিরতি ম্যাচ আয়োজন করা হবে। বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের প্রথম ম্যাচটি হতে পারে ৩ অথবা ৪ নভেম্বর। ফিফার বিপণন কমিটির সভায় যোগ দিতে কাল রাতেই জুরিখের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সালাউদ্দিন। যাওয়ার আগে জানালেন, ‘আমি কাজী নাবিলকে (জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান) বলেছি জাতীয় দল কখন থাইল্যান্ডের সঙ্গে খেলতে পারবে সেটা জানিয়ে আমাকে ফ্যাক্স করতে। জুরিখে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ফুটবল সভাপতিদের সঙ্গে নৈশভোজ করব। সেখানেই সব চূড়ান্ত হবে।’ শুধু সাফ নয়, এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান) দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। থাইল্যান্ড সব সময়ই বাংলাদেশের ভালো ফুটবল-বন্ধু, এবার ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকতে চান সালাউদ্দিন। ডিসেম্বরে বাংলাদেশে আসতে পারে বেলারুশ প্রিমিয়ার লিগের সাতবারের চ্যাম্পিয়ন ক্লাব ডায়নামো মিনস্ক। বাফুফে সভাপতির কথায় বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে, ‘ডিসেম্বরে ডায়নামোর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এরই মধ্যে আমাকে চিঠি দিয়ে ম্যাচটি আয়োজনের উদ্যোগ নিতে বলেছেন। আশা করি, মিনস্কের সঙ্গে জাতীয় দলের ওই ম্যাচে মাঠে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রেসিডেন্ট।’বাফুফে সভাপতির দেওয়া তথ্যানুযায়ী নভেম্বরে শ্রীলঙ্কায় খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় সার্কের দেশগুলোকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে সার্ক অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ।