বাংলাদেশের সামনে প্রাপ্তির হাতছানি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ছিল কিছুটা কোণঠাসা অবস্থায়। সফরকারীদের করা ৫২৭ রানের বিশাল সংগ্রহের পর অনেকের মনই হয়তো দুলে উঠেছিল ফলোঅনে পড়ার আশঙ্কায়। ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করার পর ফলোঅনের লজ্জা এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল আরও ১৬৪ রান। তবে আজ মিরপুর টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বেশ ভালোভাবেই। সেই সঙ্গে যোগ করেছেন নতুন প্রাপ্তির জোর হাতছানি।দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা ৫২৭ রানের বিশাল সংগ্রহ সামনে রেখে ব্যাট করতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে গতকাল যখন সাকিব আল হাসান ও নাইম ইসলাম মাঠ ছাড়ছিলেন তখন তাঁদের চোখেমুখে ছিল চিন্তা। দ্রুতগতিতে রান সংগ্রহ করতে গিয়ে তামিম ইকবাল ও শাহরিয়ার নাফিস যেভাবে আউট হয়েছিলেন, তাতে দুশ্চিন্তা ভর করেছিল বাংলাদেশ সমর্থকদের মনেও। তবে আজ তৃতীয় দিনে খারাপ কিছুর আশঙ্কা একেবারে উড়িয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। আজ সারা দিন ব্যাটিং করে বাংলাদেশ হারিয়েছে মাত্র তিন উইকেট। স্কোরবোর্ডে যোগ হয়েছে ২৯১ রান। এখন বাংলাদেশের সামনে রয়েছে আরও বড় প্রাপ্তির হাতছানি। আগামীকাল টেস্টের চতুর্থ দিনে আর মাত্র ৩৩ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ইনিংসটিকে ছাড়িয়ে যেতে পারবে টাইগাররা। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা ৪৮৮ রানটাই ছিল টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। সেই ম্যাচটাতে জয়ের মুখও দেখেছিল বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের তৃতীয় দিনে ইতিমধ্যেই একটি নতুন প্রাপ্তি যোগ হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। টেস্ট ক্রিকেটে এর আগে মাত্র সাতবার ৪০০ রানের মাইলফলক পেরোতে পেরেছিল বাংলাদেশ। তার মধ্যে পাঁচবারই প্রথমে ব্যাট করে ৪০০ রানের কোটা পেরিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের করা বড় সংগ্রহ তাড়া করতে নেমে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৪১৩ রানের, ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। জয়ের জন্য ৫২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। আজ ৪৫৫ রান সংগ্রহ করে সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে মুশফিক বাহিনী। সাকিব-তামিম-নাইমরা এখন পর্যন্ত যেভাবে ব্যাট করে গেছেন, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে কাল চতুর্থ দিনে হয়তো প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে ৫০০ রানের মাইলফলকও ছুঁয়ে ফেলতে পারবে বাংলাদেশ। সপ্তম উইকেটে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সেই প্রাপ্তির ইঙ্গিতটাও বেশ ভালোমতোই দিচ্ছেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ ও নাসির হোসেইন। অপেক্ষা সেই পর্যন্ত...