বাংলাদেশের সামনে রানের পাহাড়
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ডটি আছে ওয়েস্ট ইন্ডিজের দখলে। হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলে এই রেকর্ডটি ভাঙ্গতে হবে বাংলাদেশকে। কারণ আজ তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ে এগিয়ে আছে ৪৪২ রানে। এবং স্বাগতিকদের এই সংগ্রহটা আরও বড় হওয়ার সুযোগ আছে। এই অবস্থায় কি বাংলাদেশ দলের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব?বাস্তবতা বলছে, প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের সীমাহীন ব্যর্থতাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশ দলকে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ৩৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় মাত্র ১৩৪ রানে। ২৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। তৃতীয় তিন শেষে অধিনায়ক ব্রেন্ডন টেলর ৮১ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের পতন ঘটা প্রথম ছয় উইকেটের ছয়টিই তুলে নিয়েছেন রবিউল ইসলাম।মাত্র ১৩৪ রানে গুটিয়ে যাওয়ার জ্বালা মেটাতেই বোধহয় বল হাতে জ্বলে উঠেছিলেন রবিউল ইসলাম। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসটা প্রায় ধ্বসে গিয়েছিল এই ডানহাতি পেসারের দুর্দান্ত বোলিংয়ে। ৮৪ রানের মধ্যেই জিম্বাবুয়ের ছয়টি উইকেট তুলে নিয়েছিলেন রবিউল। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বাধা হয়ে দাঁড়ান রস টেলর ও গ্রায়েম ক্রেমার। সপ্তম উইকেটে তাঁরা গড়েছিলেন ৭৯ রানের ধৈর্য্যশীল জুটি। দলীয় ১৬৬ রানের মাথায় দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েন ক্রেমার। ৪৩ রানের লড়াকু এক ইনিংস খেলে ফিরে যান এই ডানহাতি ব্যাটসম্যান। এর আগে ১ উইকেটে ৯৫ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দলীয় ১০২ রানে সাজঘরে ফেরেন জহুরুল। সেই তো শুরু। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার খেলায় মাত্র ১৩৪ রানের মধ্যেই মুশফিকুরদের ইনিংস শেষ!মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩৪ রান। বিরতির পর দলীয় সংগ্রহে আর কোনো রান যোগ করতে সমর্থ হননি ব্যাটসম্যানরা। মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের পতন ঘটা চার উইকেটের তিনটিই নেন কেইল জার্ভিস। সব মিলিয়ে জার্ভিসের শিকার চার উইকেট। চারটি উইকেট তুলে নেন শিঙ্গি মাসাকাদজাও। এ ছাড়া দুটি উইকেট নেন কিগান মেথ।গতকাল শাহরিয়ার নাফীস আউট হন ব্যক্তিগত ২৯ রানে। আজ জহুরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল ফেরেন যথাক্রমে ৪৩ ও ৩৮ রান করে। এই তিন ব্যাটসম্যান ছাড়া বাংলাদেশের হয়ে কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, রুবেল হোসেন ও রবিউল ইসলাম তো রানের খাতাই খুলতে পারেননি। প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ের বড় সংগ্রহের কারিগর ছিলেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। একাই ১৭১ রান করেন তিনি। ম্যালকম ওয়ালার সংগ্রহ ৫৫ রান। এ ছাড়া গ্রায়েম ক্রেমার ৪২, হ্যামিলটন মাসাকাদজা ২৫ এবং কিগান মেথ ও শিঙ্গি মাসাকাদজা প্রত্যেকে ২১ রান করেন। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন রবিউল ইসলাম ও এনামুল হক জুনিয়র। এ ছাড়া দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সোহাগ গাজী।