টেলিফোনের অন্য প্রান্তে মাহবুব হারুনের কণ্ঠস্বরে বাঁধভাঙা উচ্ছলতা। সিঙ্গাপুর থেকে বাংলাদেশের কোচ ভাঙা গলায় বললেন, ‘যেমনটা আশা করেছিলাম, তেমনই হয়েছে ফলাফল। ছেলেদের পারফরম্যান্সে আমি দারুণ খুশি।’ বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে কাল ড্র করলেই চলত। কিন্তু থাইল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন। শুধু গ্রুপ চ্যাম্পিয়নদেরই ওঠার কথা দ্বিতীয় রাউন্ডে, তিন ম্যাচ জিতেই সেই টিকিট পেল বাংলাদেশ। গত এপ্রিলে এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ধরে রাখল সাফল্যের ধারাবাহিকতা। আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে শুরু হতে পারে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড।র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (৪০) চেয়ে ১৯ ধাপ পেছনের দল হংকং (৫৯)। তাই বলে কখনোই প্রতিপক্ষকে খাটো করে দেখেনি জিমি-চয়নরা। কাল সাপ্তাহিক ছুটির দিনে তাদের উৎসাহ দিতে স্টেডিয়ামে এসেছিল শ-পাঁচেক প্রবাসী বাংলাদেশি দর্শক। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ খেলেছে আক্রমণাত্মক হকি। ১০ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন জিমি। পরের মিনিটে কৃষ্ণর হিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ২৪ মিনিটে মইনুলের গোলে ৩-০ করে বিরতিতে যায় দল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা জিমি ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে করেন ৪-০। ৫২ ও ৭০ মিনিটে বাকি দুই গোল সারোয়ার ও কৃষ্ণর। টুর্নামেন্টে তিন ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোল করেছেন মোহামেডানের স্ট্রাইকার জিমি। তবে জিমি নন, বাংলাদেশেরও কেউ নন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সিঙ্গাপুরের সাইফুল নিজাম, সেরা গোলরক্ষক থাইল্যান্ডের অথাচাই সো-ত্রিভ। এই পুরস্কারটাই বাংলাদেশের কাছে যা একটু অতৃপ্তির। মাহবুব হারুনের দাবি, ‘আমাদের দলের কারোরই সেরা খেলোয়াড় হওয়া উচিত ছিল।’ বাংলাদেশের সাফল্যের কাছে এই অতৃপ্তি অবশ্য কিছু নয়। পুরো ৯ পয়েন্ট পাওয়া বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন, ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় সিঙ্গাপুর। ১ পয়েন্ট পেয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হংকং ও থাইল্যান্ড। বিশ্ব হকি লিগ এবারই প্রথম চালু করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। এই লিগের চার রাউন্ডের খেলাই হবে অলিম্পিক ও বিশ্বকাপের বাছাইপর্ব। দ্বিতীয় রাউন্ডে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের নবম থেকে ১৬তম দল। আর তৃতীয় রাউন্ডে খেলবে এক থেকে অষ্টম দল। ওই আট দল অর্থাৎ র্যাঙ্কিংয়ের নবম থেকে ১৬তম দলের সঙ্গে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে পরের রাউন্ডে উঠতে। দ্বিতীয় রাউন্ডে খেলবে ২৪টি দল। তৃতীয় রাউন্ডে অংশ নেবে সেরা ১৬ দল। এরপর ফাইনালে অর্থাৎ চূড়ান্ত পর্বে যাবে আটটি দল। যারা খেলবে অলিম্পিকে ও বিশ্বকাপে। প্রথম রাউন্ডের খেলাগুলো হচ্ছে বিশ্বের নয়টি ভেন্যু—প্রাগ, সিঙ্গাপুর, কার্ডিফ, আক্রা, লাউসাদা (পর্তুগাল), পোর্ট অব স্পেন, সান্তিয়াগো, দোহা ও সুভায় (ফিজি)। প্রথম রাউন্ড শেষ হবে ১৫ ডিসেম্বর। গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল দেশে ফিরবে ৬ সেপ্টেম্বর। পয়েন্ট টেবিল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্টবাংলাদেশ ৩ ৩ ০ ০ ১৬/৪ ৯সিঙ্গাপুর ৩ ২ ০ ১ ১০/৫ ৬হংকং ৩ ০ ১ ২ ৩/৯ ১থাইল্যান্ড ৩ ০ ১ ২ ২/১৩ ১