বাংলাদেশের সেরা প্রাপ্তি আরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব হকির দ্বিতীয় রাউন্ডের শেষ দিনটা এর চেয়ে রোমাঞ্চকর হতে পারত না। দুপুরে বাংলাদেশ-ঘানা পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের সমাপ্তি হলো সাডেন ডেথে। বিকেলে মালয়েশিয়া-চীন ফাইনালটাও টাইব্রেকারের শিহরণ ছড়াল মওলানা ভাসানী স্টেডিয়ামে। মজার ব্যাপার, দুটি ম্যাচেই শেষ হাসি হেসেছে পিছিয়ে পড়া বাংলাদেশ ও মালয়েশিয়া।
ফেবারিট মালয়েশিয়া তো একটা সময় ২–০ গোলে পিছিয়ে ছিল। হারতে হারতে ২-২ গোলের সমতায় ফেরে তারা। টাইব্রেকারে জয় তুলে নেয় ৫-৩ গোলে। বাংলাদেশ টাইব্রেকারে গেছে ম্যাচ শেষ হওয়ার ৩ সেকেন্ড আগে নাটকীয়ভাবে ৩-৩ করে। পেনাল্টি কর্নার থেকে সেই রুদ্ধশ্বাস গোল করে বাংলাদেশকে ‘জীবন’ দিয়েছেন স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। কাছ থেকে তাঁর পুশ পোস্টে যেতেই হাঁফ ছেড়ে বাঁচলেন সবাই। টাইব্রেকারে পাঁচ শটে ৩-৩। সাডেন ডেথে কৃষ্ণর গোলে বাংলাদেশ পঞ্চম হয়ে মাঠ ছাড়ে।
ঘরের মাঠে ফাইনাল খেলার স্বপ্ন ছিল। শেষ পর্যন্ত পঞ্চম হওয়া তৃপ্তিকর কিছু নয়। তবে বাংলাদেশ কোচ অলিভার কার্টজ সন্তুষ্ট অন্য কারণে, ‘এই টুর্নামেন্টে আমাদের অনেক উন্নতি হয়েছে। হতাশার কিছু নেই। আমরা এ থেকে বরং ইতিবাচক অনেক কিছুই নিতে পারি।’ তবে বাস্তবতা হলো কার্টজের অধীনে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী ফল পাচ্ছে না, খেলা থেকে হারিয়ে গেছে স্বাভাবিক সৌন্দর্য। এসব মনে করিয়ে দিল তাঁর কথা, ‘হ্যাঁ, মানছি আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’
এটাই আসলে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বাংলাদেশের বড় শিক্ষা। কথাটা সাবেক খেলোয়াড়, সংগঠক সবার মুখেই শোনা যাচ্ছিল। সবাই তাগিদ দিচ্ছিলেন মাঠে আরও শ্রম ঢেলে দেওয়ার ওপর। অধিনায়ক জিমিও এর সঙ্গে একমত। তবে এই টুর্নামেন্টে বাংলাদেশ দল তাঁর চোখে ভালোই করেছে, ‘আমরা ভালো হকি খেলেছি। তবে ফলটা আরও ভালো হতে পারত। সেটা হয়নি অনেক গোল নষ্ট করায়।’ ম্যাচে আসলে এক-দুটি কোয়ার্টারে ভালো খেলেছে বাংলাদেশ। পুরো সময় কোনো ম্যাচেই সেরাটা দিতে পারেনি।
নিয়মিত যাঁরা বাংলাদেশের ম্যাচ দেখেছেন, তাঁদের মূল্যায়নটা আবার একটু ভিন্ন। তাঁরা বলছেন, সময়ের চ্যালেঞ্জে উতরাতে বাংলাদেশকে এখন নবীন খেলোয়াড় তুলে আনতে হবে। এই টুর্নামেন্টই অবশ্য দিল এক নতুনের সন্ধান। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে বাংলাদেশের ১৭ বছর বয়সী নবীন ফরোয়ার্ড আরশাদ হোসেনের হাতে, টুর্নামেন্টে যাঁর স্টিকে গোল আছে দুটি। মেরিনার্সের হালকা-পাতলা গড়নের আরশাদকে নিয়ে কোচ মাহবুব হারুন উচ্ছ্বসিত, ‘ছেলেটির মধ্যে প্রতিভা আছে। নিজেকে ঠিকঠাক এগিয়ে নিতে পারলে ও অনেক দূর যেতে পারবে।’ সেই প্রতিশ্রুতি আরশাদের স্টিকেও দেখা গেছে।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চীনের মিডফিল্ডার তালাকে, সেরা গোলরক্ষক মিসরের। তবে শেষটা ভালো হয়নি বাংলাদেশের মিডফিল্ডার সারোয়ারের। ঘানার এক খেলোয়াড়কে স্টিক দিয়ে আঘাত করায় তাঁকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।

বিশ্ব হকি লিগের ঢাকা পর্বের চ্যাম্পিয়ন মালয়েশিয়া। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l প্রথম আলো
বিশ্ব হকি লিগের ঢাকা পর্বের চ্যাম্পিয়ন মালয়েশিয়া। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l প্রথম আলো