বাংলাদেশের স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ একটা। খেলছে দুই দল। কিন্তু ফলের অপেক্ষা তিন দলের! হারারে স্পোর্টস ক্লাব মাঠে কাল জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে তাকিয়ে থাকা তৃতীয় দলটি ছিল বাংলাদেশ। খেলা শেষে পরাজিত দলের চেয়েও তাদের দীর্ঘশ্বাসটিই হলো বড়। দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জিতে প্রাণ-আরএফএল সিরিজের ফাইনালে। নেট রানরেটে এগিয়ে থাকায় আজ তাদের কালকের প্রতিপক্ষ জিম্বাবুয়েই।জিম্বাবুয়ে ৬ উইকেটে ১২৪ রান করার পর ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনাই বেশি ছিল। বাংলাদেশকে ফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকার সেই জয়টি আসার দরকার ছিল ১৫ ওভারের মধ্যে। কিন্তু দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের জন্য খেলবে কেন? ১২৪ রান তাড়া করতে তারা তাড়াহুড়ো করল না। ম্যাচ জিতল ১৭.৪ ওভারে। কালকের ম্যাচের পর দুটি করে ম্যাচ জিতে তিন দলের পয়েন্টই ৮ করে হলেও শ্রেয়তর নেট রানরেট ফাইনালে নিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েকে। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +০.৩৭৮, জিম্বাবুয়ের -০.০৮৬ ও বাংলাদেশের -০.২৮০।ফাইনালে যেতে আগের দুই ম্যাচে হারা দক্ষিণ আফ্রিকার জন্য জয়ের বিকল্প ছিল না কাল। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে দক্ষিণ আফ্রিকা কালও হারলে আজ ফাইনাল হতো বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যে। দক্ষিণ আফ্রিকা সেটা হতে দেবে কেন? উল্টো জয় ছিনিয়ে নিয়েছে শ্রেয়তর দল হিসেবেই। জিম্বাবুয়েকে ১২৪ রানে আটকে রেখে ওপেনার লেভির ফিফটির সৌজন্যে ৬ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের জন্য অবশ্য শর্তটা এত কঠিন ছিল না। জিতলে তো ভালোই, হারলেও ক্ষতি নেই। ১২৪ রানে ইনিংস শেষ হয়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১৫ ওভারের বেশি অপেক্ষা করাতে পারলেই হলো। ২০ ওভারের ক্রিকেটে আট বোলার ব্যবহার করে সেই পরিকল্পনায় সফল ব্রেন্ডন টেলরের দল।প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হারলেও পরের দুই ম্যাচে জিতে ফাইনালের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর আত্মবিশ্বাসও বেড়েছিল নিশ্চয়ই। কিন্তু ওই প্রথম ম্যাচটাই কাল হলো শেষ পর্যন্ত। ফাইনালের আশায় তাই কাল তাকিয়ে থাকতে হলো জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে। ম্যানেজার তানজীব আহসানের সঙ্গে বাংলাদেশ শিবিরের বেশ কয়েকজনই ম্যাচটি দেখতে গিয়েছিলেন বলে খবর। হারারে স্পোর্টস ক্লাব মাঠ থেকে তাঁদের হতাশা নিয়েই ফিরতে হয়েছে।হতাশা সঙ্গী হবে দেশে ফেরার সময়ও। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস অর্জনের ভালো সুযোগ ছিল এই ত্রিদেশীয় সিরিজে। অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পরও হারারেতে ‘কুল ডাউনের’ জন্য আজকের দিনটা হাতে পাচ্ছে মুশফিকুর রহিমের দল। আজ ফ্লাইট নেই বলে তারা বিমানে চড়বে কাল, ঢাকায় পৌঁছাবে পরশু রাতে।সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে: ২০ ওভারে ১২৪/৬ (ক্রেমার ৩৬*, মাসাকাদজা ৩৬, মাতসিকেনেরি ২২; পারনেল ৩/১৬, মরকেল ১/৮, পিটারসন ১/১৭ ও মরিস ১/২৬)। দক্ষিণ আফ্রিকা: ১৭.৪ ওভারে ১৩০/৪ (লেভি ৫৪, অনটং ২৪, বেহারদিয়েন ১৯*, ডু প্লেসিস ১৪; ওয়ালার ১/৩, পোফু ১/১০, জারভিস ১/১৭)। ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ওয়েইন পারনেল (দক্ষিণ আফ্রিকা)