বাংলাদেশের হুমকি আফগানিস্তান নাকি হংকং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল্যান্ডের আরও একটি উইকেট পতন। হংকংয়ের নিজাকাত খানের উল্লাস হলো দেখার মতো। ছবি: সৌরভ দাশ
হল্যান্ডের আরও একটি উইকেট পতন। হংকংয়ের নিজাকাত খানের উল্লাস হলো দেখার মতো। ছবি: সৌরভ দাশ

প্রাথমিক পর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষ—আফগানিস্তান, হংকং ও নেপাল। এ তিন দলের প্রস্তুতি ম্যাচের ফলের দিকে পাখির চোখ ছিল বাংলাদেশের। দুটি প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান যথেষ্ট ইতিবাচক ব্যাটিং করেছে। প্রথম প্রস্তুতি ম্যাচে হল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ১৫০ করে জিতেছিল। আজ জিম্বাবুয়ের বিপক্ষে হারলেও ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল। আর এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে তাদের জয়ের স্মৃতি তো এখনো টাটকাই।

তবে চমকের বিষয় হলো, আফগানরা যখন হুংকার দিচ্ছেই, সেই ফাঁকে মাথা তুলে দাঁড়াতে চাইছে পুঁচকে হংকংও! বাংলাদেশের গ্রুপসঙ্গী এশিয়ার এই দলটি কিন্তু জিতেছে দুটি ম্যাচই। শুধু তা-ই নয়, প্রথম প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে চমকে দেওয়া হংকং আজ হারিয়েছে হল্যান্ডকেও! বাংলাদেশকেও দিয়ে রাখল একটা সতর্কবার্তা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হল্যান্ড অধিনায়ক। হল্যান্ডের বোলারদের তোপে হংকংয়ের ইনিংস খুব বেশি দূর এগোতে পারেনি। ১৯.৫ ওভারে অলআউট ১২৭ রানে। ধ্বংসস্তূপের মাঝেই মিডল অর্ডার বাঁ-হাতি ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান সর্বোচ্চ ৫০ করে রানআউটে কাটা পড়েন। হল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান ফন ডার গুজতেন ও আহসান মালিক। 

১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে হল্যান্ডের অবস্থা হয়ে যায় আরও শোচনীয়। নিয়মিত বিরতিতে উইকেট পতন হলেও এক প্রান্ত অনেকক্ষণ আগলে রাখলেন ওপেনার স্টিফান মাইবার্গ। নিজাকাত খানের শিকার হওয়ার আগে মাইবার্গ করেন ৩৮ বলে ৫২। ধুঁকতে থাকা হল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৬.৫ ওভারে ১০০ রানে। হারতে হয় ২৭ রানে। হল্যান্ডকে ধসিয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন হাসিব আমজাদ। এ পেসার একাই ২১ রানে নিয়েছেন ৬ উইকেট। আন্তর্জাতিক ম্যাচ হলে নিশ্চিত সেরা বোলিং ফিগারের তালিকায় ঢুকে পড়তেন।

একই মাঠে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে আফগান ব্যাটসম্যানরা এদিনও নিজেদের সামর্থ্যের পরিচয় দেন। নির্ধারিত ২০ ওভারে আফগানদের সংগ্রহ ৬ উইকেটে ১৬৮। মোটামুটি সব ব্যাটসম্যানই মাঝারি ইনিংস খেলায় ভালো স্কোর পায় আফগানরা। কিন্তু ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার ঝোড়ো ইনিংসের সামনেই মূলত কুপোকাত আফগানরা। জিম্বাবুয়ের এ ডানহাতি ওপেনার হামজা হোতাকের বলে ফেরার আগে করেছেন ৫২ বলে ৯৩। মাসাকাদজা ও সিকান্দার রাজার উদ্বোধনী জুটিতেই এসেছে ১০২ (১০.২ ওভারে)।

নেপাল অধিনায়ক পরশ খড়কা কদিন আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘আমরা এখানে এসেছি নেপালকে বিশ্বমঞ্চকে তুলে ধরতে।’ প্রস্তুতি ম্যাচে নেপালের ধার অবশ্য বোঝা গেল না। ফতুল্লায় আজ আরব আমিরাতের বিপক্ষে ২০ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়েছে খড়কার দল। ৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে হারিয়ে জয়ের দেখা পেয়ে যায় আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ করেন স্বপ্নিল পাতিল। বাংলাদেশের গ্রুপসঙ্গীদের মধ্যে কেবল নেপালই যা একটু ‘স্বস্তি’তে থাকতে দিচ্ছে!