বাংলাদেশের হয়ে স্যামির ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যারেন স্যামি নিশ্চিত ধন্দে পড়ে গিয়েছিলেন। ২-০-তে সিরিজ জয়ে নেতৃত্ব দিলেন দলকে। টানা চার টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ ১৯ বছর পর। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, জয়ের ধারাকে ৬-০-তে টেনে নেওয়ার সুযোগ। দুই যুগ পর টানা ছয় টেস্ট জয়ের হাতছানি। অথচ এসব নিয়ে স্যামি বলতে পারলেন সামান্যই। প্রশ্ন প্রায় সবই তো হলো বাংলাদেশকে নিয়ে! বিভিন্নভাবে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ নিয়ে নানা জিজ্ঞাসা। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের চেয়ে ‘বাউন্সার’ অনেক ভালো খেললেন ক্যারিবীয় অধিনায়ক। পুরো সংবাদ সম্মেলনেই বাংলাদেশের পক্ষে ব্যাটিং করে গেলেন ‘আপাদমস্তক ভদ্রলোক’ স্যামি।এক বছর আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে গেছে স্যামির দল। সেবার টেস্ট সিরিজ জিতেছিল ১-০-তে। এবার জিতল ২-০-তে। তার পরও এক বছর আগের চেয়ে এগিয়ে রাখছেন বাংলাদেশের এই দলকে, ‘আমার তো মনে হয় বাংলাদেশ এবার অনেক ভালো ব্যাটিং করেছে। বোলাররাও ভালো করেছে, আমাদের বেশির ভাগ ব্যাটসম্যানের বিপক্ষে পরিকল্পনা নিয়ে নেমেছিল, বিশেষ করে গাজী (সোহাগ)। চোট থেকে ফিরে রুবেল টানা বোলিং করে গেছে এবং দারুণ বোলিং করেছে। আমাদের ব্যাটসম্যানরা আসলে খুব ভালো ব্যাটিং করেছে। তবে আমার মনে হয়, আমরা এগিয়ে গেছি আসলে মানসিক দিক দিয়ে, যেমন বড় জুটি গড়া বা সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ব্যাট করা...।’একটু ঘুরিয়ে তার পরও একই প্রশ্ন। প্রশ্নের তিরটা বাংলাদেশের দিকে হলেও স্যামি যেন নিজের বুকে টেনে নিলেন, ‘পার্থক্য গড়ে দিয়েছে আসলে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমরা নিজেদের করে নিতে পেরেছি বলে। যেমন দ্বিতীয় ইনিংসে দুবারই আমরা ওদের চেয়ে ভালো করেছি। তবে ওদের দলটা তরুণ। আস্তে আস্তে মানসিকভাবে আরও শক্ত হলে উঁচু সারির দলগুলোকে আরও বেশি বেগ দিতে পারবে। আমাদের অবস্থাও একসময় এমন ছিল। কিন্তু আমরা এসব দিক নিয়ে কাজ করেছি, এখন ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছি।’বাংলাদেশের ব্যাটসম্যানরা স্যামিদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে, এ তো দৃশ্যমান সত্য। কিন্তু এটা মানতেও আপত্তি স্যামির। একটুও খাটো করতে চান না নিজেদের কৃতিত্ব, ‘প্রতিটি উইকেটের জন্যই আমাদের অনেক খাটতে হয়েছে। উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। বেশির ভাগ সময়ই আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি বলেই সফল হয়েছি। বাংলাদেশের ব্যাটসম্যানরা সহজাতভাবে আমাদের মতোই আক্রমণাত্মক শট খেলতে পছন্দ করে। সঠিক শট নির্বাচন না করতে পারলে তাই বিপদ নেমে আসে। আমাদের ব্যাটসম্যানরা অনেক বেশি ধৈর্য নিয়ে খেলেছে, ওদের বোলারদেরই ঘাম ছুটিয়ে ছেড়েছে।’বাংলাদেশের ব্যর্থতা আড়াল করতে গিয়ে আসলে দুই দলের পার্থক্যটাও স্পষ্ট করে বলে দিলেন স্যামি! বাংলাদেশের ব্যাটসম্যানরা ধৈর্য ধরতে পারলে কাজটা কত কঠিন হতো তাদের, সেটা বুঝিয়ে দিলেন সাকিবের আউটের প্রসঙ্গেই, ‘সাকিবের উইকেটই শেষ দিনে মোমেন্টাম আমাদের পক্ষে এনে দিয়েছে। শতরানের একটা জুটি গড়ে উঠেছিল, দিনের বাকি কটা ওভার ওরা খেলে দিতে পারলে শেষ দিন আমাদের কাজটা আরও কঠিন হতো, এত সহজে অন্তত জিততে পারতাম না। ওই ওভারের আগে পেরমলের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছি। বুঝেছি সাকিব সেঞ্চুরিটা করতে চাইছিল, সেভাবেই পরিকল্পনা করেছি। পরিকল্পনা সফল হলে সব সময়ই দারুণ লাগে।’নিজেদের সিরিজ জয়, লক্ষ্য পূরণ, ছোট ছোট পদক্ষেপে সামনে এগিয়ে যাওয়া—সব নিয়েই উচ্ছ্বাস, তৃপ্তি আছে। তবে যাওয়ার বেলায় আরেকবার ব্যাট ধরলেন মুশফিকদের হয়ে, ‘আমি জানি, সমর্থকেরা সব সময়ই জয় চায়। কিন্তু কখনো কখনো জয়টাই সবকিছু নয়। মূল ব্যাপার হলো জয়ের পথে পা ফেলা, জয়ের দিকে এগিয়ে যাওয়া।’