বাংলাদেশের 'প্রিয়' প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭-এ উইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়ের পথে বাংলাদেশ।
২০০৭-এ উইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়ের পথে বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্রিকেটটা বাংলাদেশের কাছে যেন এক বড় গোলকধাঁধা। ক্রিকেটের অন্য সংস্করণে বড় বড় দলকে হারাতে পারলেও ক্রিকেটের এ সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স বড্ড ম্লান। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যাপারটা আলাদা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে বাদে একমাত্র এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বাংলাদেশের রেকর্ড বলার মতো। ৩৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ এই ক্যারিবীয়দের বিপক্ষেই পেয়েছে একাধিক জয়। সাফল্যের হার ৫০ শতাংশ। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশের প্রেরণা এই পরিসংখ্যানই। হংকংয়ের বিপক্ষে হেরে আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলটির সদস্যরাও নিশ্চয়ই ঢুঁ মারছেন অতীতের এই সুখস্মৃতির দিকে। গেইল-ব্রাভোদের বিপক্ষে মাঠে নামার আগে টনিক হতে পারে ওই দুটো জয়ের স্মৃতিই। প্রিয় পাঠক, চলুন স্মৃতির পাতা উল্টে চলে যাই ওই দুই অবিস্মরণীয় ম্যাচে...

জোহানেসবার্গ, ২০০৭
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে নিজেদের প্রথম ম্যাচেই তাক লাগিয়ে দিল বাংলাদেশ। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শুরুতেই সৈয়দ রাসেলের বলে ক্রিস গেইল ফিরে গেলেন কোনো রান না করেই। এরপর অবশ্য ডেবন স্মিথ ও শিবনারায়ণ চন্দরপলের ব্যাটিং নৈপুণ্যে চ্যালেঞ্জিং স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ তোলে উইন্ডিজ। বোলিংয়ে ওই ম্যাচে স্পিনাররাই সফল। তিন স্পিনার নিয়েছিলেন ৭ উইকেট। সাকিব আল হাসানের সংগ্রহে ৪টি, আবদুর রাজ্জাকের ২টি ও আশরাফুলের দখলে ১টি। ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশের বিপদ। নাজিমউদ্দিন ফেরেন মাত্র ২ রানে। কিছুক্ষণ পর ফেরেন তামিমও, ১০ করে। এরপরই আফতাব আহমেদ ও আশরাফুলের সেই মহাকাব্যিক দুই ইনিংস। আশরাফুল খেললেন ২৭ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস। ৪৯ বলে ৬২ করে আফতাব জিতিয়ে তবেই ফিরলেন। দুজনের তৃতীয় উইকেট জুটিতেই এল ১০৯। এ সংস্করণে এটিই সবচেয়ে বড় জুটি, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি জুটি। বাংলাদেশ জিতল ৬ উইকেটে, ১২ বল হাতে রেখে। ম্যাচসেরা আশরাফুল।

মিরপুর, ২০১১

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ এল বাংলাদেশে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে  টসে জিতে ফিল্ডিং নিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। মারলন স্যামুয়েলসের ৫৮ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ তুলল উইন্ডিজ। এদিন সফল ছিলেন স্পিনাররাই। দুটি করে উইকেট নিলেন রাজ্জাক ও সাকিব, একটি নিয়েছিলেন নাঈম ইসলাম। বাকি তিনটি শফিউল ও রুবেলের দখলে। ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে বাংলাদেশ জিতল ৩ উইকেটে, ১ বল বাকি থাকতেই। রবি রামপালের করা শেষ ওভারে দরকার ছিল ৬। শেষ দুই বলে ৪। পঞ্চম বলে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে সব উত্কণ্ঠা-টেনশন দূর করে অধিনায়ক ফিরলেন জয়ের হাসি নিয়ে। মুশফিক অপরাজিত ৪১ রানে। ম্যাচসেরাও তিনি।

দুটি ম্যাচের সাদৃশ্য

দুটি ম্যাচেই টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। বোলিংয়ে তুলনামূলক স্পিনররাই সফল। দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পড়েছে ৮টি করে উইকেট। এই ১৬ উইকেটের (৮+৮) ১২টিই স্পিনারদের দখলে। তবে দুই ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ কোনো বোলার নন, ব্যাটসম্যান। উইন্ডিজ বোলারদের মধ্যে একমাত্র রবি রামপাল দুটি ম্যাচেই খেলছেন। উভয় ম্যাচেই নিয়েছেন দুটি করে উইকেট।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন থেকেই স্পিনাররাই দলগুলোর গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছেন। দুশ্চিন্তার বিষয়, বাংলাদেশের ক্ষেত্রে সাকিব ছাড়া আর কোনো স্পিনার ফর্মে নেই এ মুহূর্তে।  মুশফিক অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে শুনিয়েছেন আশার গান, ‘আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য একটি দারুণ স্পেল কিংবা একটা ম্যাচই যথেষ্ট।’ অধিনায়কের কথার প্রতিফলন আজ মাঠে পাওয়া গেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি জয় কঠিন কিছু?