পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে টানা দুটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। এই হারের ফলে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বেশ শোচনীয় পরিস্থিতির মুখেই পড়েছে অসিরা। গতকাল শুক্রবার প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া আছে বাংলাদেশের পেছনে। এমনকি ক্রিকেট বিশ্বে টি-টোয়েন্টিতে ‘চুনোপুঁটি’ বলে বিবেচিত আয়ারল্যান্ডও আছে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে। র্যাঙ্কিংয়ের এই বেহাল দশা নিয়েই শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসরে অংশ নিতে হবে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে।পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারের পর গতকাল উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচেও হেরে গেছে অস্ট্রেলিয়া। ১০ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচটি হারলে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশও হয়ে যেতে পারে অসিরা। তবে এখন এই সিরিজ হারের পর র্যাঙ্কিংয়ের চরম অবনমন হয়েছে চারবারের বিশ্বকাপজয়ীদের। ৮৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে দশম স্থানে। তাদের আগে নবম স্থানে আছে আয়ারল্যান্ড। ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দখল করেছে অষ্টম স্থান। তবে আইসিসির এই র্যাঙ্কিং নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলি। তিনি বলেছেন, ‘এটা খুবই অসন্তোষজনক পরিস্থিতি। এই র্যাঙ্কিংটা কীভাবে করা হয়, সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই। আমরা টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে কখনো খেলেছি কি না, সেটাও আমি মনে করতে পারছি না।’ তবে আর কদিন পর শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেই সবকিছুর জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বেইলি। তিনি বলেছেন, ‘যদি আয়ারল্যান্ড সত্যিই আমাদের চেয়ে ভালো দল হয়, তাহলে তো তারা শ্রীলঙ্কাতেই সেটা দেখাতে পারবে। আমরা তখনই সেটা দেখব।’ আর এ মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রেহাই পাওয়ার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন অসি অধিনায়ক।—জিনিউজ