বাইটন কাপে গেল না হকি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় হকি দলের কলকাতায় চলমান বাইটন কাপ হকিতে অংশ নেওয়ার কথা ছিল। ওই টুর্নামেন্টের জন্য অনুশীলনও শুরু হয়েছিল। শেষ পর্যন্ত কলকাতায় যাওয়া হয়নি জিমি-চয়নদের, তাঁরা এখন ব্যস্ত নেহরু কাপের প্রস্তুতি নিতে। ১৪-২৫ নভেম্বর দিল্লিতে হবে নেহরু কাপ হকি। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ নভেম্বর, দল ঢাকা ছাড়বে ১৩ নভেম্বর। আগামী ফেব্রুয়ারিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। সব ম্যাচ দিল্লিতে। ওটারই প্রস্তুতির অংশ হিসেবে বাইটন কাপে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ মুহূর্তে আয়োজকেরা টুর্নামেন্টের ফরম্যাট বদলে ফেলায় বাংলাদেশ অংশ নেয়নি। কোচ মাহবুব হারুন জানালেন, ‘প্রথমে শুনেছিলাম বাইটন কাপ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। কিন্তু পরে ওরা আমাদের জানায়, টুর্নামেন্টটা নকআউটভিত্তিক। আমরা প্রথম ম্যাচে হেরেও যেতে পারতাম। তাহলে অনেক দিন বসে থাকতে হতো কলকাতায়। এ জন্য ফেডারেশন থেকে এই টুর্নামেন্টে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’বাইটন কাপ খেলতে না পারার ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য নেহরু কাপের পর আরও কয়েকটি ম্যাচ খেলার কথা ভাবছে ফেডারেশন। নেহরু কাপের পর লাল বাহাদুর শাস্ত্রী টুর্নামেন্ট বাংলাদেশকে ওই সুযোগ দেবে। দিল্লির শিবাজি স্টেডিয়ামে নেহরু কাপের পরই ২৭ নভেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে লাল বাহাদুর শাস্ত্রী টুর্নামেন্ট। এ দুটি টুর্নামেন্টের পর কয়েকটি অনুশীলন ম্যাচ খেলারও চেষ্টা করবে বাংলাদেশ দল। ম্যাচগুলো হতে পারে ইন্ডিয়ান এয়ারলাইনস, ভারত পেট্রোলিয়াম, পাঞ্জাব সিন্ধ ব্যাংকের মতো বড় দলের সঙ্গে।জাতীয় দলের কলকাতা সফরের পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলের পাকিস্তান সফরও বাতিল হয়ে গেছে। আগামী ৬ নভেম্বর অনূর্ধ্ব-২১ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা-শঙ্কায় আইএইচএফ (আন্তর্জাতিক হকি ফেডারেশন) টুর্নামেন্টটি বাতিল করে দিয়েছে। অনূর্ধ্ব-২১ দলের কোচ মামুনুর রশীদ বললেন, ‘এই টুর্নামেন্টে খেলতে পারলে খুব উপকার হতো আমাদের। তবে এটা বাতিল হয়েছে বলে বসে নেই ফেডারেশন। ভারতে আরেকটি জুনিয়র টুর্নামেন্টে অংশ নেওয়ার চেষ্টা চলছে।’