ফাইনালটা ফাইনালের মতো হলো না। ৯ উইকেটে ২৪৩ রান করে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে দ্বিতীয় আন্তজেলা ক্লাব কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো রাজশাহীর মুক্তি সংঘ। প্যারাবোলা পদ্ধতিতে ২০ ওভারে ১৩৬ রানের টার্গেট ছিল সিলেটের বীর বিক্রম ইয়ামিন ক্রীড়াচক্রের সামনে। ১৭.৫ ওভারে তারা করল ৯২। ৩৪ রান আর ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মুক্তি সংঘের কামরুল হাসান।৪৪ রানে জিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপার স্বাদ নিল মুক্তি সংঘ, ইয়ামিন ক্রীড়াচক্র হলো রানার্সআপ। তবে হোম অব ক্রিকেটে খেলার রোমাঞ্চ নিতে আসা ঢাকার বাইরের দুটি ক্লাব এখান থেকে ফিরে গেল কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়েও। স্টেডিয়ামের ‘স্ট্যাটাসের’ সঙ্গে নাকি ঢাকার বাইরের ক্লাবগুলো যায় না, সে কারণে শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম ব্যবহার করতে দেওয়া হয়নি রাজশাহী ও সিলেট লিগের চ্যাম্পিয়ন দল দুটিকে। ব্যাট-প্যাড, কিটস ব্যাগ, কফিনের সঙ্গে ড্রেসিংরুমের ভিউইং এরিয়ায় গাদাগাদি করে দিন পার করলেন দুই দলের খেলোয়াড়-কর্মকর্তারা।মুক্তি সংঘের ম্যানেজার সাইফুল আজিজের অভিযোগ, ‘আমার দলে ৮ জন প্রথম শ্রেণীর ক্রিকেটার। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে জহুরুল, সাব্বির আছে। তারা নাকি ড্রেসিংরুম-টয়লেট নষ্ট করে ফেলবে! ছেলেদের টয়লেট ব্যবহার করতে দোতলায় যেতে হচ্ছে। এসব নিয়ে কথা বলায় টুর্নামেন্ট কমিটি বলছে, মিরপুরে খেলছি—এটাই নাকি আমাদের ভাগ্য! আমরা তো বলিনি আমাদের মিরপুরে খেলতে দিন...।’ ইয়ামিন ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আবদুর রকিবেরও একই অভিযোগ, ‘অলক-তাপসের মতো জাতীয় পর্যায়ের ক্রিকেটার আছে আমাদের দলে। অথচ আমরা ড্রেসিংরুমে ঢুকতে পারছি না। আপনি নিজে গিয়েই দেখেন ছেলেরা কী অবস্থায় আছে।’বিশ্বকাপ উপলক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের ছোঁয়া পেয়েছে ড্রেসিংরুমও। সুসজ্জিত আসবাবপত্র দিয়ে সবকিছু সাজানো হয়েছে নতুন করে। ‘বারোয়ারি’ ব্যবহারে এসবের ক্ষতিসাধন হতো বলে আশঙ্কা বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেনের, ‘এটা বোর্ডের নীতিগত সিদ্ধান্ত। আর আমার মনে হয়, যতটুকু সুবিধা দেওয়া হয়েছে যথেষ্ট। একটাই সমস্যা, টয়লেট ব্যবহারের জন্য তাদের দোতলায় যেতে হচ্ছে। আসলে ক্লাবগুলোর স্ট্যাটাস সেই পর্যায়ের নয় যে তাদের ড্রেসিংরুম ব্যবহার করতে দিতে হবে। এসব বিষয়ে পূর্বাভিজ্ঞতা সুখকর নয়।’এ ছাড়া শেরেবাংলা স্টেডিয়ামের মাঠও ঢাকার বাইরের দুটি ক্লাবের চক্ষু-কর্ণের মধ্যে বিবাদ লাগিয়ে দিয়েছে। তাঁরা শুনে এসেছেন, এই স্টেডিয়ামের পানিনিষ্কাশনের ব্যবস্থা এতটাই ভালো যে এক ঘণ্টার বৃষ্টিও কোনো ব্যাপার নয়। কিন্তু কাল দুপুরে আধঘণ্টার বৃষ্টিতেই খেলা রিজার্ভ ডেতে গড়ানোর শঙ্কা দেখা দিল! মুক্তি সংঘের ইনিংস শেষে ইয়ামিন ক্রীড়াচক্রের ইনিংসের ৭ ওভার শেষে বৃষ্টি নামে এবং সেটা ২৫-৩০ মিনিট চলে বেলা ২টার দিকে থামে। অথচ খেলা আবার শুরু হলো বিকেল ৪টার পর! দুই ক্লাবেরই অভিযোগ, বৃষ্টি থামার পর পানি শুকানোর জন্য সময়মতো সুপার সপার ব্যবহার করতে গড়িমসি না করলে আগেই খেলা শুরু করা যেত। যদিও মাঠের কিউরেটর বদিউল আলম বলেছেন, ‘বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে সুপার সপার ব্যবহার করা যায় না। একটু সময় দিতে হয়। আমি সঠিক সময়েই সুপার সপার মাঠে নামিয়েছি।’