বাইশের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত কয়েকজনের বিশ্রাম ও ইনজুরির সূত্রে পাওয়া সুযোগটাকে এমনভাবে কাজে লাগিয়েছেন, শচীন টেন্ডুলকার ফিরলেও বিরাট কোহলিকে সেরা একাদশ থেকে ছেঁটে ফেলার আগে অন্তত দুবার ভাবতে হবে টিম ম্যানেজমেন্টের। কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর গত পরশু বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করলেন ২১ বছর বয়সী ব্যাটসমান। ২২ বছর পূর্ণ হওয়ার আগে ভারতের পক্ষে দুটি ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন সুরেশ রায়নাও। তবে ওয়ানডের প্রায় সব রেকর্ড যার দখলে, এখানেও তিনি সবার চেয়ে এগিয়ে। বাইশতম জন্মদিনের আগেই চারটি ওয়ানডে সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। রায়না ২৩ পেরিয়ে গেছেন, তাঁর আর সুযোগ নেই। তবে টেন্ডুলকারের ভারতীয় রেকর্ডটি নিজের করে নেওয়ার সব সম্ভাবনাই আছে কোহলির। ২২ পূর্ণ হতে যে বাকি এখনো ২৯৫ দিন! ও হ্যাঁ, টেন্ডুলকারের পাশে কিন্তু আছেন বাংলাদেশের একজনও। ১২ দিন পরই তাঁর ২৪তম জন্মদিন, তবে শাহরিয়ার নাফীসের চারটি ওয়ানডে সেঞ্চুরির সব কটিই বাইশের আগে!