বাউচারের চোখ বাঁচানোর লড়াই
চোখে আঘাত লাগার পর ওই রাতেই টন্টনের হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল তিন ঘণ্টা ধরে। মার্ক বাউচারের বাঁ চোখে পরশু আরেক দফা অস্ত্রোপচার হলো কেপটাউনে। এবারও তিন ঘণ্টা ধরে। অস্ত্রোপচার শেষে বাউচারের মেডিকেল টিম জানিয়েছে সুখবর। তাঁর চোখে জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়েছে। রেটিনার গুরুত্বপূর্ণ অংশটুকুও অক্ষত আছে। চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা আপাতত আর নেই; বরং আবার মাঠে ফেরার স্বপ্ন দেখতে পারেন অভিজ্ঞ এই উইকেটকিপার।মেডিকেল টিম জানিয়েছে, অস্ত্রোপচার প্রায় নিখুঁত হয়েছে। কোনো জটিলতা দেখা দেয়নি, রক্তও বের হয়নি, ঘটেনি অপ্রত্যাশিত কিছু। এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ‘অস্ত্রোপচারের ফলাফল খুবই ইতিবাচক, সবকিছু যেভাবে হয়েছে তাতে সন্তুষ্ট শল্যবিদেরা।’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও কেপ কোবরার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে বাউচারের। ওয়েবসাইট।