বাউচারের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ৪৫ রানে। কিন্তু সমারসেটের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আর ব্যাটিং করেননি জ্যাক ক্যালিস। আসলে যাননি মাঠেই। ছিলেন টন্টনের মাসগ্রোভ পার্ক হাসপাতালে, দীর্ঘদিনের প্রিয় বন্ধু মার্ক বাউচারের পাশে। হতে পারেন পেশাদার ক্রিকেটার, কিন্তু জীবনের চেয়ে তো আর ক্রিকেট বড় নয়!দীর্ঘদিনের সঙ্গীর এমন বিদায়ে আবেগাক্রান্ত পুরো দক্ষিণ আফ্রিকা দল। তবে অবসরের চেয়ে সবার ভাবনাজুড়ে এখন বাউচারের সুস্থতা। মঙ্গলবার রাতেই দেশে ফিরে যাওয়ার কথা বাউচারের। কবে পুরোপুরি সুস্থ হবেন, দৃষ্টিশক্তি আগের মতো থাকবে কি না—এসব নিয়ে সংশয় আছে। চোট পাওয়ার দিন খেলা শেষে গোটা দক্ষিণ আফ্রিকা দল ছুটে গিয়েছিল হাসপাতালে, সবাই ছিলেন রাত ১১টা পর্যন্ত। পরদিন মাঠে নামার মতো মানসিকতা ছিল না কারও। তবে বাউচারই সবাইকে অনুরোধ করেছেন মাঠে নামতে।ক্যালিস তবু বন্ধুর সঙ্গ ছাড়েননি। ক্রিকেট ছাড়িয়ে ব্যাপারটা যে দাঁড়িয়েছে কঠিন বাস্তবতায়, ‘এটা এখন আর স্রেফ ক্রিকেটের মধ্যে নেই। জীবন আর ক্রিকেট এখন পাশাপাশি দাঁড়িয়ে। একজন প্রিয় বন্ধুর সুস্থতার আশায় আছি আমরা। শুধু আমার জন্য নয়, ওর পরিবার আর সব সতীর্থের জন্যই সময়টা কঠিন। আমরা স্রেফ পাশেই থাকতে পারি। ওকে জানাতে পারি যে পুরো ক্রিকেট-বিশ্বের শুভকামনা তাঁর সঙ্গে আছে।’বাউচারের বিদায়-আবেগে যেন বাঁধ দিতে পারছে না দক্ষিণ আফ্রিকা দল। পরশু বাউচারের প্রতি দলের আবেগভরা বার্তা পড়ে শুনিয়েছিলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। শুধু নিজ দল কেন, বাউচারের এমন অবসরে মর্মাহত পুরো ক্রিকেট-বিশ্বই। টুইটার-বিবৃতিতে অনেকেই জানিয়েছেন সমবেদনা। দীর্ঘদিনের সতীর্থ ও সাবেক অধিনায়ক শন পোলক এমন বিদায় মানতেই পারছেন না, ‘এভাবে বাউচারের ক্যারিয়ার শেষ হওয়া দুঃখজনক। দলের জন্য ও যা করেছে, তাতে ভালোভাবে বিদায় নেওয়াই প্রাপ্য ছিল। অসাধারণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’ আরেক পুরোনো সতীর্থ মাখায়া এনটিনি বলেছেন, ‘বাউচারকে এমনভাবে অবসর নিতে হলো! ক্রিকেটের জন্য আজ বিষণ্ন দিন। ও কিংবদন্তি; কিংবদন্তি হয়েই থাকবে।’কাছ থেকে অল্প দিনের দেখাতেই মুগ্ধ ওয়েইন পারনেল, ‘ভালোবাসুন আর ঘৃণা করুন, বাউচারকে এমন একজন হিসেবে মনে রাখতে হবে, যে ছিল দল-অন্তপ্রাণ।’ সাবেক স্পিনার প্যাট সিমকক্স বললেন, ‘বাউচার ছিল এমন একজন, যাঁর ওপর যুদ্ধক্ষেত্রে ভরসা করা যায়।’ ল্যান্স ক্লুজনার বলেছেন মাঠের বাইরের বাউচারের কথা, ‘বলতে গেলে ও ছিল দলের আত্মা। ড্রেসিং রুমে সবাইকে চাঙা রাখত। শুধু মাঠের ভেতরে নয়, মাঠের বাইরের অবদানের জন্যও ওর অভাব অনুভূত হবে।’সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের কণ্ঠেও বাউচার-স্তুতি, ‘বছর দুয়েক ধরে আমরা ম্যাট প্রায়রকে ইংল্যান্ড দলের ইঞ্জিন বলছি। আর বাউচার গত ১৫ বছর ধরে সব ধরনের ক্রিকেটেই দক্ষিণ আফ্রিকার ইঞ্জিন হয়ে ছিল। দক্ষতা আর মানসিকতা মিলিয়ে ও ছিল অসাধারণ এক ক্রিকেটার। সর্বকালের সেরাদের একজন।’ আরেক সাবেক ইংলিশ অধিনায়ক ও উইকেটকিপার অ্যালেক স্টুয়ার্ট বলেছেন, ‘অসাধারণ এক ক্যারিয়ার শেষ হয়ে গেল একটু আগেই। উইকেটকিপার সংসদের আজীবন সদস্য!’অনুমিতভাবেই বাউচারের বদলি হিসেবে ডাক পেয়েছেন থামি সোলেকিলে। তবে ১৯ জুলাই ওভালে শুরু প্রথম টেস্টে কিপিং গ্লাভস পরবেন সম্ভবত এবি ডি ভিলিয়ার্স। ওয়েবসাইট।