প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কখনো আঙুলটাকে বড়শির মতো বাঁকা করে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করছেন। কখনো নাচের মুদ্রায় চার-ছয়ের সংকেত দিচ্ছেন। ম্যাচের আম্পায়ার যখন বিলি বাউডেন, বাড়তি বিনোদন থাকেই। কখনো হাসির খোরাকও জোগান নিউজিল্যান্ডের এই আম্পায়ার। গত পরশু পাওয়া গেল আরেকটি ‘বাউডেন ক্ল্যাসিক’। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশের এক ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেকে আউট প্রায় দিয়েই ফেলেছিলেন। উইকেটকিপারের ক্যাচের আবেদনে সাড়া দিয়ে নিজস্ব ভঙ্গিতে আঙুল তুলতে যাওয়ার সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সম্ভবত মনে হলো, এটা আউট নয়। কিন্তু আঙুল ততক্ষণে অনেকটাই উঠে গেছে। আঙুল দিয়ে হ্যাটটা ঠিকঠাক করে নেওয়ার ভঙ্গি করলেন। এর চেয়ে মজা আর কিসে পাবেন! সূত্র: স্টাফ নিউজিল্যান্ড।