বিলি বাউডেন নিজেও জানতেন না। সাংবাদিকদের কাছে শোনার পর তাঁর প্রতিক্রিয়া ছিল, ‘ওয়াও, তাই নাকি! সময় যে কত দ্রুত বয়ে যায়!’ আসলে তা-ই। ১৯৯৫ সালের মার্চে আম্পায়ার হিসেবে অভিষিক্ত বাউডেন গত রোববার মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ওয়ানডেতে ছুঁয়ে ফেললেন একটি মাইলফলক। আম্পায়ার হিসেবে সেটি ছিল তাঁর ১৫০তম ম্যাচ। ১৫০ কিংবা তারও বেশি ওয়ানডেতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আর আছে মাত্র পাঁচজনের। রুডি কোয়ের্তজেন (২০৯ ওয়ানডে), স্টিভ বাকনর (১৮১) ও ডেভিড শেফার্ড (১৭২)—শীর্ষস্থানীয় তিনজন এরই মধ্যে অবসর নিয়েছেন। কিউই আম্পায়ার বাউডেনের ওপরে আছেন দুই অস্ট্রেলিয়ান—ড্যারিল হারপার (১৬৮) ও সাইমন টফেল (১৫৭)। একদিক দিয়ে বাউডেন এই পাঁচজনের চেয়ে এগিয়ে। টিভি আম্পায়ার হিসেবেও ৪৩টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ৬৫ টেস্টেও দাঁড়িয়েছেন। যদিও টেস্টের রেকর্ডটা থেকে এখনো অনেক দূরে। ১২৮ টেস্টে দায়িত্ব পালন করা বাকনর শীর্ষে। ‘সেঞ্চুরি’ আছে কোয়ের্তজেনেরও (১০৮)।