বাউন্সারও নির্বিষ যেদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই টেস্টের একজনের নামের পাশেই লেখা থাকে ‘ফাস্ট বোলার’। সেটার সত্যতা প্রমাণ করাটাকে যেন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন টিনো বেস্ট। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে গত দুটি সিরিজে ঘণ্টায় ৯০ মাইলের বেশি গতিতে বোলিং করেছেন নিয়মিত। এখানে যেন আরও জোরে করতে চাইছেন। উইকেটে কিছু নেই, গতিতে যদি ব্যাটসম্যানদের ভড়কে দেওয়া যায়! সেটা পেরেছেনও কয়েকবার, তবে এই চেষ্টায় লাইন-লেংথেরও বারোটা বেজেছে। আক্ষরিক অর্থেই যেন মাথা কুটে মরেছেন, কতবার যে হতাশায় বসে পড়লেন উইকেটে!গোটা ওয়েস্ট ইন্ডিজ দলের জন্যই আসলে দিনটা ছিল হতাশায় মোড়া। কিন্তু নিষ্প্রাণ উইকেট আর বাংলাদেশের ব্যাটসম্যানদের দৃঢ়তা মিলিয়ে কোনো পরিকল্পনাই কাজে আসেনি। মূল পরিকল্পনায় অবশ্যই তাক করেছিলেন ব্যাটসম্যানের পাঁজর। বাংলাদেশের বিপক্ষে প্রায় সব দলেরই এই পরিকল্পনা থাকে, উইকেট-কন্ডিশন যা-ই হোক। কিন্তু এই উইকেটে খুব কাজে দেয়নি তা। জুনায়েদ সিদ্দিককে বাউন্সারে আউট করার পর যেন আরও বেশি করে শর্ট বল করে যাওয়াকেই মূল অস্ত্র মেনে আক্রমণ চালিয়ে গেছেন ক্যারিবীয় পেসাররা। শর্ট বলের অতি ব্যবহারে আখেরে লাভটা হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদেরই। অনেক বেশি অনুমেয় ছিল ক্যারিবীয় পেস আক্রমণ!ওটিস গিবসন নিজেও ছিলেন ফাস্ট বোলার। কাল দিন শেষে নিজের বোলারদের আড়াল করার চেষ্টা করলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ, ‘উইকেটে কিছুই নেই। না আছে গতি, না সুইং। ছেলেরা সর্বস্ব উজাড় করে দিয়েছে, চেষ্টার কমতি ছিল না। কখনো আমরা ভালো বোলিং করেছি, কখনো খারাপ। কিন্তু এমন নিষ্প্রাণ উইকেটে ব্যাটসম্যানদের নাড়িয়ে দিতে বাউন্সারের বিকল্প নেই। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভড়কে যায়নি, ওদের কৃতিত্ব দিতেই হবে।’বাউন্সারের ‘অতি ব্যবহার’ নিয়ে গিবসনের যুক্তিটা মেনে নেওয়ার মতোই। তবে ‘অপব্যবহারও’ ছিল চোখে পড়ার মতো। অনেক বাউন্সার চলে গেছে ব্যাটসম্যানদের মাথার ওপর দিয়ে, কিংবা ছিল স্টাম্পের অনেক বাইরে। রবি রামপলই যা একটু ব্যতিক্রম ছিলেন। আগের দিনের ২ উইকেটের সঙ্গে কাল যোগ করতে পেরেছেন মাত্র একটি। কিন্তু গতি বেস্টের মতো না হলেও বাউন্সারে ব্যাটসম্যানদের বেশি ভুগিয়েছেন রামপলই। বাঁহাতিদের বিপক্ষে রাউন্ড দ্য উইকেটে গিয়ে, মাঝেমধ্যেই কৌণিক পরিবর্তন এনে সমস্যায় ফেলেছেন ব্যাটসম্যানদের।এই বিপদে দলের উদ্ধারকর্তা হতে পারতেন সুনীল নারাইন। উইকেটে স্পিনারদের জন্য বেশি কিছু নেই, তবে নারাইনের হাতে তো জাদু আছে! অথচ জাদুর ছিটেফোঁটা তো দেখাতে পারেননি, বরং নারাইনকেই ‘রানের খনি’ বানিয়েছেন সাকিব-নাঈমরা। পরশু নারাইনের প্রথম ওভারেই দারুণ এক কভার ড্রাইভে ৪ মেরেছিলেন শাহরিয়ার নাফীস, পরের ওভারে তামিম মেরেছিলেন দুটি ছয়। কালও নারাইনকে থিতু হতে দেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। গিবসন এবার শিষ্যকে আড়াল করলেন অনভিজ্ঞতাকে দায় দিয়ে। দলের সার্বিক পারফরম্যান্সে খুব একটা অখুশিও নাকি নন, ‘আরও কিছু উইকেট আমরা আশা করেছিলাম, কিন্তু সব মিলিয়ে খুব খারাপ কিন্তু ছিল না দিনটা।’সারা দিনে মাত্র ৩ উইকেট তুলে নেওয়ার পরও প্রতিপক্ষ কোচ এমনটা বলছেন, এটাও তো বাংলাদেশের একটা জয়!