বাউরালে ক্রিকেটের প্রথম ‘হল অব ফেম’
নিউ সাউথ ওয়েলসের ছোট্ট শহর বাউরাল ক্রিকেট-প্রেমীদের তীর্থস্থান অনেক আগে থেকেই। ব্র্যাডম্যানের শহরেই যে ‘ব্র্যাডম্যান ওভাল’ ক্রিকেট মাঠ আর ‘ব্র্যাডম্যান মিউজিয়াম’। তীর্থস্থান হিসেবে বাউরালের জায়গা এবার পাকাপোক্ত হলো আরও। এখানেই গড়ে তোলা হয়েছে বড় একটি স্থাপনা, যেটিকে বলা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ‘হল অব ফেম’। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের স্মৃতিচিহ্নেই শুধু সীমাবদ্ধ থাকবে না এটি, এর গণ্ডি পুরো ক্রিকেট-বিশ্ব। ব্র্যাডম্যান জাদুঘরই বরং হয়ে যাচ্ছে এটির অংশ।গতকালই উদ্বোধন করা হলো এই হল অব ফেমের। ব্র্যাডম্যান জাদুঘরকে একটা বিশ্বজনীন রূপ দিতে পারায় ব্র্যাডম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাইকেল বলের কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ‘ডন ব্র্যাডম্যানই এতে সবচেয়ে বেশি খুশি হবেন, কারণ এটা শুধু ডন নয়, ক্রিকেটের প্রতি নিবেদিত। ব্র্যাডম্যান জাদুঘর নিয়ে তাঁর একটাই কথা ছিল, এখানে শুধু তাঁর নিজের অর্জন নয়, খেলাটির মহত্ত্ব ও মূল্যবোধ তুলে ধরা উচিত।’ ওয়েবসাইট।