বাকি ইংল্যান্ডের জয়ের আনুষ্ঠানিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টার্নিং উইকেট বানিয়ে ইংল্যান্ডকে স্পিন-বিষে নীল করার কী চমৎকার স্বপ্নই না দেখেছিল ভারত! পরের জন্য পাতা ফাঁদে পা আটকে ভারতই এখন হাঁসফাঁস করে মরছে। আহমেদাবাদের প্রথম টেস্টে ভারত জিতলেও মুম্বাইতে ভারতকেই স্পিনে নীল করে ইংল্যান্ড জিতে যায় ১০ উইকেটে। কলকাতা টেস্টেও জয়টা প্রায় তাদের হাতের মুঠোয়। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে আছে মাত্র ৩২ রানে। হাতে রয়েছে শেষ উইকেটটি। মানে, আজ সকালটা শুধু অপেক্ষা করবে ইংলিশদের জয়ের আনুষ্ঠানিকতার জন্য।তার পরও ধোনি বলতে পারেন—যাক বাবা, ইনিংস পরাজয়ের লজ্জায় তো মাথা কাটা যায়নি! ২০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত কাল ১৫৯ রানেই হারিয়ে ফেলেছিল ৮ উইকেট। ইনিংস হারকেই তখন মনে হচ্ছিল ভারতের নিয়তি! কারণ, ইনিংস হার এড়াতে তখনো ভারতের প্রয়োজন ছিল ৪৯ রান। কিন্তু শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটেছে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আরেকবার ‘খাঁটি’ টেস্ট ব্যাটসম্যান হয়ে যাওয়ায়।ইশান্ত শর্মা ও প্রজ্ঞান ওঝাকে সঙ্গে নিয়ে ২৯.৩ ওভারে ৮০ রান যোগ করে দলকে নিয়ে গেছেন ২৩৯ রানে। ওঝার সঙ্গে শেষ উইকেটে গড়েছেন ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি। দিন শেষে অশ্বিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির অপেক্ষায়, ব্যাট করছেন ৮৩ রানে। সিরিজে তাঁর ব্যাটিং গড় এখন ৫১.৫০। বোলিং গড় এর চেয়েও বেশি!অথচ ভারত দিনের শুরুটা করেছিল দারুণভাবে। ৬ উইকেটে ৫০৯ রান নিয়ে কাল চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ৫২৩ রানেই। এরপর ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্নবিরতির আগেই ভারত বিনা উইকেটে তুলে ফেলে ৮৬ রান। কিন্তু লাঞ্চের পর প্রথম বলেই শেবাগ গ্রায়েম সোয়ানের বলে বোল্ড। এর পরই শুরু হয় ভারতীয়দের যাওয়া-আসার মিছিল। ইডেন গার্ডেনসে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ইনিংসে টেন্ডুলকার আউট মাত্র ৫ রান করে। ওয়েবসাইট।