বাকি তিন ম্যাচও হারাচ্ছে ইডেন!
আইসিসির প্রেসিডেন্ট শারদ পাওয়ারের আশ্বাস, কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখার্জি আর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এমনকি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কূটনৈতিক তৎপরতা; কোনো কিছুই কাজে আসছে না। ইংল্যান্ড-ভারত ম্যাচ ইডেনে হচ্ছে না। দিল্লির সঙ্গে একটি ম্যাচ অদল-বদল করে নেওয়ার যে চেষ্টা সিএবি (পশ্চিমবঙ্গ ক্রিকেট সংস্থা) করছিল, সেই সম্ভাবনাও নেই। উল্টো বাকি তিন ম্যাচও হারানোর শঙ্কায় আছে ইডেন!ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে ২৭ ফেব্রুয়ারির ম্যাচটির বিকল্প ভেন্যু হিসেবে বেঙ্গালুরুর নাম প্রস্তাব করেছে। ইডেনের হাতে এখন আছে ১৫ মার্চ (আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা), ১৮ মার্চ (আয়ারল্যান্ড-হল্যান্ড) ও ২২ মার্চের (কেনিয়া-জিম্বাবুয়ে) তিনটি ম্যাচ। প্রথমে আইসিসির পরিদর্শক দল এই তিনটি ম্যাচের জন্য ভেন্যুর প্রস্তুতির শেষ সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বেঁধে দিয়েছিল। এর মধ্যে আদৌ কাজ শেষ হবে কিনা, সেটি পরখ করতে ৭ ফেব্রুয়ারি আবারও পরিদর্শক দল কলকাতায় আসবে। তখন কাজের অগ্রগতি সন্তোষজনক মনে না হলে শেষ তিনটি ম্যাচও হারাতে পারে ইডেন।কলকাতা অবশ্য মনে করছে, তাদের পক্ষে প্রথম ম্যাচটি আয়োজন করা এখনো সম্ভব। রাজ্য সরকার নড়েচড়ে বসায় পশ্চিমবঙ্গের পূর্তমন্ত্রী গোস্বামী ইডেনের কাজ তদারকির দায়িত্ব নিয়েছেন। ৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। ওয়েবসাইট।