বাকি নামছেন আজ
অলিম্পিকের মতো বিশাল গেমস অনেক দূরের পথ, এশিয়ান গেমস বা শুটিংয়ে বিশ্বকাপে পদক জেতার স্বপ্ন দেখেন না বাংলাদেশের শুটাররা। এ মুহূর্তে দেশের সেরা শুটার আবদুল্লাহ হেল বাকিও কখনো বলেননি অলিম্পিক বা বিশ্বকাপে পদক জিততে চান। বরাবরই বলেছেন, এসব প্রতিযোগিতায় সেরাটা করতে পারলেই ভালো। বিশেষ করে অলিম্পিক নিয়ে তাঁর বাড়তি কোনো উচ্চাশা নেই। তাই আজ চাপমুক্ত হয়েই রিও অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় নামবেন।
তবে বাংলাদেশের শুটারদের কাছে নিজের সেরা স্কোর করাও একটা চাপ। বিভিন্ন প্রতিযোগিতায় সেটা দেখা গেছে। তার ওপর বাকির এটি প্রথম অলিম্পিক। রোমাঞ্চের পাশাপাশি স্নায়ুর ওঠা-নামা ঠিকই টের পাবেন ২০১৪ কমনওয়েলথ গেমসে রুপা জেতা এই শুটার। সেবার ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২০৫.৩ স্কোর করে সোনা জেতেন ভারতের অভিনব বিন্দ্রা। বাকির স্কোর ছিল ২০২.১। সেই থেকেই প্রত্যাশা তাঁকে ঘিরে।