বাকি পৃথিবী থেকে পাঁচ বছর পিছিয়ে পাকিস্তানের ক্রিকেট

গত আসরের মতো এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বাদ পাকিস্তান। শুধু একটাই জয়-বাংলাদেশের সঙ্গে। বাকি তিন ম্যাচে হেরে দেশের বিমানে ওঠার অপেক্ষায় পাকিস্তানিরা। এভাবে চলতে থাকলে হয়তো ক্রিকেটে পাকিস্তানের অস্তিত্ব নিয়েই টানাটানি পড়বে বলে মনে করছেন সাবেক পাকিস্তানি খেলোয়াড়রা। অন্যদের চেয়ে যে দিনকে দিন শুধু পিছিয়েই পড়ছে পাকিস্তান আজ সেটাই মনে করিয়ে দিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক অস্ট্রেলিয়ার সঙ্গে হারের পর বললেন, ‘এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে পাকিস্তানের ক্রিকেট বিশ্বের অন্যদের চেয়ে পাঁচ বছর পিছিয়ে পড়েছে।’
অধিনায়ক শহীদ আফ্রিদির মতে, পাকিস্তানের ক্রিকেটের এই সমস্যা কাটিয়ে উঠতে হলে ফিরে যেতে হবে তৃণমূলে। বাস্তবতা মেনে নিয়েই আফ্রিদি বললেন, ‘পাকিস্তানের এখন স্কুল ক্রিকেটের দিকে আরও বেশি মনোযোগী হতে হবে। শুধু তাই নয় লাহোরের মতো অন্যান্য বড় বড় শহরে গড়ে তুলতে হবে ক্রিকেট একাডেমি।’ সঙ্গে ওয়াসিম আকরামেরও পরামর্শ, ‘এসবের বাইরে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের দিকেও নজর দিতে হবে আমাদের।’
শহীদ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তানের এমন করুণ দশা দেখে এমনিতেই ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার, কর্মকর্তা, সমর্থকেরা। আজ অস্ট্রেলিয়ার সঙ্গে ২১ রানে হারের পর আবারও উঠল সেই পুরোনো প্রশ্ন, কবে অবসর নিচ্ছেন আফ্রিদি? উত্তরটা অবশ্য আফ্রিদি সরাসরিই দিয়েছেন, ‘বাড়ি ফিরে চার-পাঁচ দিনের মধ্যেই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। আমি এই ঘোষণাটা দেশেই দিতে চাই। দেশের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব।’ তথ্যসূত্র: ক্রিকইনফো ও স্টার স্পোর্টস।