বাকির জন্য ৭ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লাসগো কমনওয়েলথ গেমসে যাওয়ার আগে খেলোয়াড়দের উৎসাহ জোগাতে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিল শ্যুটিং ফেডারেশন। সোনা জিতলে ১০ লাখ, রুপা ৭ ও ব্রোঞ্জ ৫ লাখ টাকা। এই প্রণোদনা আর কাউকে উৎসাহিত করুক না-করুক আবদুল্লাহ হেল বাকিকে ঠিকই করেছিল। কমনওয়েলথ গেমসের ১০ মিটার এয়াররাইফেলে রুপা জিতলেন। ওটাই গেমস থেকে বাংলাদেশের পাওয়া ‘সবেধন নীলমণি’ একটা পদক। বাংলাদেশের মান রাখা বাকিকে দেওয়া প্রতিশ্রুত অর্থ পুরস্কার আর ‘বাকি’ রাখতে চাইছে না শ্যুটিং ফেডারেশন। ২৩ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ফেডারেশন ৭ লাখ টাকার চেক তুলে দেবে তাঁর হাতে। বাকিই জানালেন তাঁর জন্য স্পনসর জোগাড়েরও চেষ্টা করছে ফেডারেশন।
কমনওয়েলথ গেমসে রুপা জয়ের আত্মবিশ্বাস, সঙ্গে আর্থিক পুরস্কার। আগামী সেপ্টেম্বরে এশিয়াডে যাওয়ার আগে আবদুল্লাহ হেল বাকি নিশ্চিতভাবেই আরও বেশি অনুপ্রাণিত বোধ করছেন। তবে এশিয়ান গেমস কমনওয়েলথ গেমসের চেয়ে বড় পরীক্ষার মঞ্চ। বাকি সেটি জানেন। তাই কঠোর অনুশীলন করে চলেছেন, মনঃসংযোগ বাড়াতে করছেন যোগব্যায়াম। এশিয়াডে সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বাকি, ‘আর্থিক পুরস্কার দিচ্ছে বলে ফেডারেশনকে ধন্যবাদ। এশিয়াডে নিজেকে যাতে শতভাগ উজাড় করে দিতে পারি, সেটাই একমাত্র লক্ষ্য থাকবে আমার।’ বাকি বলছেন, কমনওয়েলথ গেমসে তাঁর রুপা জয় ‘ঝিমিয়ে পড়া’ শ্যুটিংকে আবার যেন জাগিয়ে তুলেছে, ‘আমার এই পদক জয় দলের ভেতরেও অনেক প্রভাব ফেলেছে। শ্যুটিংয়ের প্রতি সবার প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আরও ভালো করার জেদ কাজ করছে সবার মধ্যে।’
ফেডারেশন পুরস্কার দিলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বা ক্রীড়া মন্ত্রণালয় কমনওয়েলথ গেমস থেকে দেশের জন্য গৌরব বয়ে আনা শ্যুটারকে এখনো প্রণোদনামূলক কোনো পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়নি।