ক্রীড়া প্রতিবেদক l ঢাকা ছাড়ার আগে মহিলা দাবাড়ুদের সম্বল ছিল মাত্র এক মাসের অনুশীলন। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের অধীনে ওই অনুশীলনে ছিলেন না শুধু শামীমা আক্তার লিজা। প্রবাসী স্বামীর সঙ্গে লিসবনে থাকা লিজা সরাসরি যোগ দেন আজারবাইজানের রাজধানী বাকুতে। ৪২তম দাবা অলিম্পিয়াডের মেয়েদের বিভাগে এই আন্তর্জাতিক মহিলা মাস্টার ছাড়া বাকিরা ভালোই খেলছেন। সপ্তম রাউন্ড পর্যন্ত বাংলাদেশের মহিলা দল জিতেছে চার রাউন্ডে। কিন্তু দলের অন্যতম ভরসা লিজা সাত ম্যাচ খেলে জিতেছেন মাত্র তিনটিতে।
বাংলাদেশ মহিলা দল সর্বশেষ দুই রাউন্ডেই জয় পেয়েছে। পরশু বাংলাদেশ ৩-১ পয়েন্টে হারিয়েছে জর্ডানকে। চার বোর্ডের মধ্যে জিতেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, নাজরানা খান ইভা, শারমিন সুলতানা। লিজাই শুধু হেরেছেন।
সপ্তম রাউন্ডে মহিলা দল জিতলেও হেরেছে পুরুষ দল। উন্মুক্ত বিভাগে পরশু বাংলাদেশ ৩-১ পয়েন্টে হেরে গেছে সার্বিয়ার কাছে। সপ্তম রাউন্ড পর্যন্ত খেলে বাংলাদেশ পুরুষ দলের পাশে দুই জয়, এক ড্র। হার চার ম্যাচেই। পরশু জিতেছেন কেবল এনামুল হোসেন রাজীব। গ্র্যান্ডমাস্টার ইভানিসেভিচ ইভানকে হারিয়েছেন বাংলাদেশের সর্বশেষ গ্র্যান্ডমাস্টার। হেরেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগর।