বাখকে অভিনন্দন বুবকা-রগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই মূলমন্ত্র সামনে রেখেই নিজের নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন টমাস বাখ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নতুন সভাপতি নির্বাচিত হয়ে এই মূলমন্ত্র নিয়েই চলার আশ্বাস দিলেন, ‘আমি জানি, আইওসি সভাপতির দায়িত্ব কত বিশাল। কিন্তু সেটা পালনের সুযোগ পেয়ে আমি খুশি।’
এই প্রথম কোনো সোনাজয়ী অলিম্পিয়ান আইওসির সভাপতি হলেন। নির্বাচনে বাখ হারিয়েছেন আরেক সোনাজয়ী পোল ভল্টের কিংবদন্তি সের্গেই বুবকাসহ অন্যদের। চূড়ান্ত পর্যায়ে বাখ পেয়েছেন ৪৯ ভোট। বুবকা পান সবচেয়ে কম, ৪ ভোট। তবে হেরে গেলেও প্রতিদ্বন্দ্বীকে শুভকামনা জানাতে ভুল করেননি ইউক্রেনের সাবেক পোল ভল্টার, ‘আমি অলিম্পিক আন্দোলনের জন্য সব সময় কাজ করে যাব, কারণ এটাই আমার জীবন। আমি খুশি। আমরা সবাই (টমাস) বাখের সঙ্গে আছি এবং সবাই মিলেই অলিম্পিকের জন্য কাজ করব।’ নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী সভাপতি জ্যাক রগও, ‘আমি খুবই খুশি, খুব ভালো একজন নতুন সভাপতি পেয়েছি। তাঁর হাতে দায়িত্ব ছাড়তে পেরে আমি খুবই আনন্দিত। আশা করছি, তিনি খুব ভালো করবেন।’ রয়টার্স।