বাগানের দীপ নেভাল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি নর্দে: শেখ জামালের জয়ের নায়ক
সনি নর্দে: শেখ জামালের জয়ের নায়ক

অসাধারণ গোলটির অ্যাকশন রিপ্লে দেখানো হলো বারবার। টেলিভিশন ধারাভাষ্যকারদের মুখে প্রশংসার ফুলঝুরি। ২২ মিনিটে মোহনবাগানের বক্সের সামান্য বাইরে থেকে সনি নর্দের ফ্রি-কিক মানবদেয়ালের ওপর দিয়ে বাতাসে রংধনুর মতো বাঁকে খেয়ে পোস্টে লেগে গোল। হাইতিয়ান ফরোয়ার্ডের অসাধারণ এই গোলটিই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তুলে দিল আইএফএ শিল্ডের সেমিফাইনালে। ১১ ফেব্রুয়ারি যেখানে তাদের প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল। ১১৮ বছরের টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি ক্লাব হারাল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানকে।
‘বি’ গ্রুপ থেকে শেষ চারে উঠতে এ ম্যাচে মোহনবাগানের দরকার ছিল ড্র, কিন্তু শেখ জামালকে জিততেই হতো। বাংলাদেশ ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা শুরু থেকেই ঝাঁপিয়েছে তাই জয়ের জন্য। আগাগোড়াই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। আর গোলের পর খেলাটাকে এতটাই নিয়ন্ত্রণে রাখে যে, টানা ২৫টি পাসে শুধুই নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করেছে। প্রথমার্ধে ৫৫ ভাগ বল দখলে ছিল জামালের, মোহনবাগানের ৪৫। যোসেফ আপুসির শিষ্যরা কলকাতার মাঠে বুনল বাংলা টিকি-টাকা!
কলকাতা লিগ, ফেড কাপ জিততে পারেনি মোহনবাগান। আই-লিগ জেতাও অসম্ভব। প্রায় চার বছর পর ট্রফি-বুভুক্ষু মোহনবাগানের শেষ সুযোগ ছিল শিল্ড। সনে নর্দে একাই ২০ বারের শিল্ডজয়ী বাগানের স্বপ্নটা ভেঙে দিয়েছেন। বাঁ দিক দিয়ে ড্রিবলিং করে দুর্বার গতিতে ভেতরে ঢুকেছেন, বারবার ভেঙেছেন মোহনবাগানের রক্ষণ।
বাগানের সবচেয়ে বড় অস্ত্র ওদাফা কাল চোটের কারণে ছিলেন দর্শক। মূল ভরসা ছিলেন সত্যেন সাবিথ। কেরালার স্ট্রাইকার চেষ্টাও করেছেন, কিন্তু ভাগ্যদেবীও যেন শেখ জামালের পক্ষে ছিল। কয়েকটি নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে পারেননি সাবিথ। কখনো লেগেছে পোস্টে, কখনো গেছে বাইরে।
গোলের জন্য মরিয়া মোহনবাগান দ্বিতীয়ার্ধে ভালোই চেপে ধরে শেখ জামালকে। ৮৩ মিনিটে নিশ্চিত সুযোগটি নষ্ট করেন অনিচি ইচে। শেখ জামাল গোলরক্ষক জিয়ার ভুলে ইচে ফাঁকায় বল পেয়েও যে দুর্বল শট নেন, তা গড়িয়ে গড়িয়ে লাগে পোস্টে। দ্রুতই বলটা ক্লিয়ার করেন নাসির। বাকি সময়ে আর গোল হয়নি। শেখ জামালও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছে কয়েকবার। শিল্ডে মোহনবাগানের কাছে ১৯৭৪ সালে ৫-০ গোলে হারে আবাহনী, ২০০৮ সালে ৩-১ গোলে হারে মোহামেডান।
কালকের জয় আত্মবিশ্বাসী করে তুলেছে শেখ জামালকে। ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে অধিনায়ক মামুনুল বলছিলেন, ‘আমরাও যে ভালো ফুটবল খেলতে পারি, সেটা কলকাতাবাসীকে দেখিয়েছি। আশা করি ভালো খেলে শিল্ডে চ্যাম্পিয়ন হব।’
কলকাতা থেকে মুঠোফোনে উচ্ছ্বসিত ক্লাব সভাপতি মনজুর কাদের, ‘শত বছরের পুরোনো দলকে হারানো বাঙালিদের জন্য বিরাট অর্জন। এটা বাংলাদেশের ফুটবলেরই বিরাট বিজয়।’ খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে গত ম্যাচের আগে বোনাস ঘোষণা করেছিলেন। কাল বললেন, ‘খেলোয়াড়দের কাছে কৃতজ্ঞ যে তারা মোহনবাগানের মতো দলকে হারিয়েছে। ওদের ১০ হাজার ইউএস ডলার বোনাস দিয়েছি। ইস্ট বেঙ্গলকে হারালে আরও দেওয়া হবে।’
তবে ডলারের চেয়ে শিল্ডের দিকেই বেশি করে চোখ মামুনুলদের!