বাঙালি মালিকানায় লিভারপুল!
লিভারপুলের মালিকানা এশিয়ায় আসতে পারে, এটা পুরোনো খবর। এমনকি ভারতীয় এক ব্যবসায়ী মালিকানা কিনে ফেলতে পারেন, এমনটাও শোনা গিয়েছিল। এবার যে খবর পাওয়া যাচ্ছে, তাতে লিভারপুল হয়ে যেতে পারে প্রথম বাঙালি মালিকানাধীন প্রিমিয়ার লিগ দল। ১৮ বারের ইংলিশ লিগ ও পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ী এ ক্লাবটিকে কেনার জন্য এরই মধ্যে দরপত্র জমা দিয়ে দিয়েছেন সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়।শুধু সুব্রত নন, লিভারপুলের মালিকানা কেনার জন্য দরপত্র জমা দিয়ে দিয়েছেন এশিয়ার সর্বোচ্চ সম্পদের মালিক এবং পৃথিবীর চতুর্থ সেরা ধনী মুকেশ আম্বানি। সুব্রত ও আম্বানিকে খুব বড় প্রতিযোগিতায় নামতে হচ্ছে। তবে বর্তমান মালিক টম হিকস ও জর্জ জিলেটের জায়গায় কে বা কারা আসবেন, সেটা এখন একটা উন্মুক্ত নিলামেই ঠিক হবে বলে ক্লাব সূত্রে প্রকাশ।লিভারপুল কেনার দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন চীনা ব্যবসায়ী কেনি হাং। বলা হচ্ছে, হাংকে চীনের সরকারও এই ক্লাব কেনার ব্যাপারে সমর্থন দিচ্ছে। বাজারে জোর গুঞ্জন, হাংকে অর্থ জোগাচ্ছে চীনের সরকারি বিনিয়োগকারী সংস্থা সিআইসি। এরই মধ্যে নাকি লিভারপুলের খেলোয়াড় কেনাবেচায় হাংয়ের টাকাও খাটতে শুরু করেছে।কিন্তু খোদ চীনের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে, হাংয়ের লিভারপুল কেনার সম্ভাবনা আর দশটা গুজবের মতো একটা ব্যাপার। সে দেশের ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ব্রিটিশ সংবাদমাধ্যমে হাংয়ের যেসব প্রতিশ্রুতি ছাপা হচ্ছে, সেগুলো একেবারেই ‘হাওয়াই কথা’।সাদার্ন মেট্রোপলিস ডেইলি পত্রিকায় বিশ্লেষক হুয়াং জিয়াক্সিন লিখেছেন, ‘রাষ্ট্র হাংকে সমর্থন করবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। হাং নাকি ফার্নান্দো তোরেসকে রেখে দেওয়া এবং লিওনেল মেসিকে কেনার প্রতিশ্রুতি দিয়েছেন! লিভারপুলের জন্য নতুন একটা স্টেডিয়াম তৈরির কথাও দিয়েছেন। এসব বিশ্বাসযোগ্য নয়। এর আগে ঝু জুন যেমন লিভারপুল কিনতে চেয়েছিলেন বা ম্যানইউর মালিকানা যাচ্ছে চীনাদের হাতে তেমনই আরকি!’হাংয়ের ব্যাপারটা গুজব হতেও পারে। তবে এই আলোচনায় চীনে বেশ প্রতিক্রিয়া শুরু হয়েছে। হাংয়ের লিভারপুল কেনার পেছনে সরকারি অর্থ জোগানের খবরে সবাই খুশি হতে পারছেন না। চীনের বৃহত্তম ওয়েবসাইট সিনা ডট কম-এ একজন লিখেছেন, ‘জনগণের অর্থ সতর্কভাবে ব্যয় করা উচিত।’ তবে সবাই যে এমন নেতিবাচকভাবে দেখছেন, ব্যাপারটা তা নয়। চীনের লাল-বিপ্লবের সঙ্গে লিভারপুলের লালকে মিলিয়ে স্বপ্নও দেখছে অনেকে। এক ভদ্রলোক ওই ওয়েবসাইটে লিখেছেন, ‘চীনের একটা রেড আর্মি আছে। আরেকটা কিনে ফেললে আমি বিস্মিত হব না।’ রয়টার্স, ওয়েবসাইট।