বাচ্চাদের মতো কেঁদেছেন নাদাল!
রঙিন রোশনাইয়ের মধ্যে দু হাতে মাথার ওপর ট্রফিটা তুলে ধরলেন ইকার ক্যাসিয়াস। গ্যালারিতে বসে আনন্দে বাচ্চাদের মতো কেঁদে ফেললেন রাফায়েল নাদাল। নাদালের কান্নার বর্ণনা কোনো প্রত্যক্ষদর্শীকে জানাতে হয়নি। নিজেই ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, ‘আমি বাচ্চাদের মতো কেঁদেছি।’স্পেনের বিশ্বকাপ জয়ে একজন স্প্যানিশ রাফায়েল নাদাল আনন্দে মাতবেন, কাঁদবেন; এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু স্পেনের ফুটবলের সঙ্গে বর্তমান টেনিসের এক নম্বর নাদালের সম্পর্কটা একটু বাড়াবাড়ি ধরনের শক্ত। ব্যক্তিগতভাবে রিয়াল মাদ্রিদের সমর্থক, পারিবারিকভাবে সম্পর্ক আছে বার্সেলোনার সঙ্গে। ইদানীং আবার লা লিগার দল মায়োরকার ‘মালিক’ও হয়েছেন।দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলা দেখা না হলেও স্পেন দলটাতে অনেকেই আছেন নাদালের ঘনিষ্ঠ বন্ধু। উইম্বলডন চলা অবস্থায় টেলিভিশনে খেলা দেখেছেন, ফোনে বন্ধু ফুটবলারদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। কিন্তু ফাইনালে আর না গিয়ে পারলেন না। না গেলে আফসোসও থাকত তাঁর—স্প্যানিশদের ইতিহাস গড়ার মুহূর্তটার সাক্ষী যে হতে পারতেন না এই টেনিস তারকা!আর এখন নাদালের উচ্ছ্বাসের দাপট এতটাই যে নাদাল দাবি করছেন, স্পেনে বছরজুড়ে উৎসব ঘোষণা করে দেওয়া উচিত, ‘আমাদের বছরজুড়ে এটা উদ্যাপন করতে হবে। কারণ, এই সাফল্য আরেকবার অর্জন করাটা খুবই কঠিন। এই প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে কারও তুলনাই চলে না। বিশ্বকাপ ওদের হাতেই মানায়।’ রয়টার্স।