প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেন বাদে ইউরোপের বড় দলগুলোর প্রায় সবারই বিশ্বকাপ অভিযান শুরু হয়ে গেছে গত রাতে। বিশ্ব চ্যাম্পিয়নরা বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার জর্জিয়ার বিপক্ষে তিবলিসিতে। এই ম্যাচ দিয়েই একটি মাইলফলক ছুঁতে যাচ্ছে স্প্যানিশরা। ম্যাচটি হবে বিশ্বকাপ বাছাইয়ে স্পেনের শততম। স্পেনের আগে আরও ৪০টি দেশ খেলেছে ১০০-এর বেশি ম্যাচ। সবচেয়ে বেশি ১৪১টি ম্যাচ খেলেছে মেক্সিকো। এই তালিকার প্রথম তিনটি দেশই কনক্যাকাফ অঞ্চলের। কোস্টারিকা (১৪০) ও যুক্তরাষ্ট্র (১২২) আছে যথাক্রমে দুই ও তিনে। দক্ষিণ আমেরিকায় প্যারাগুয়ে (১২০), ইউরোপে পর্তুগাল (১১৭), এশিয়ায় দক্ষিণ কোরিয়া (১০৩) ও আফ্রিকায় মরক্কো (৯৮) খেলেছে সবচেয়ে বেশি ম্যাচ। অস্ট্রেলিয়া ১০৫টি ম্যাচ খেলেছে এশিয়া ও ওশেনিয়া মিলিয়ে।