আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে ট্রিট অনূর্ধ্ব-১৮ এশিয়ান বাস্কেটবলের বাছাইপর্ব। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলটি সুযোগ পাবে এশিয়ান জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে। আগামী ১৫-২৪ জুলাই ইরানে অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতা।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় দুই দিনের বাছাইপর্বের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। প্রথম দিনেই বাংলাদেশ মুখোমুখি হবে ভারত ও নেপালের। পরশু গ্রুপের শেষ ম্যাচে খেলবে শ্রীলঙ্কার সঙ্গে।
অন্তত পাঁচ মাস আগে ফিবা (আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন) সূচি নিশ্চিত করলেও মাত্র ১৫ দিনের প্রস্তুতি নিয়ে খেলতে নামবে বাংলাদেশ যুবদল। টুর্নামেন্টে ভারতকেই ফেবারিট বলছেন কর্মকর্তারা। তাই স্বাগতিকদের নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারেননি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার, ‘ধানমন্ডির ফ্লোর খেলার অনুপযোগী, তাই ঠিকমতো অনুশীলন করতে পারেনি ছেলেরা। তা ছাড়া এই খেলোয়াড়দের বেশির ভাগই এ-লেভেল, ও-লেভেলের পরীক্ষার্থী। পরীক্ষার জন্য খুব বেশি সময়ও দিতে পারেনি ওরা। তাই আমরা সুনির্দিষ্ট লক্ষ্যের কথা বলতে পারছি না।’
বাছাইপর্বের প্রধান পৃষ্ঠপোষক প্রাণ কনফেকশনারি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা এ কে এম মঈনুল ইসলাম।