বাছাইপর্বেই বিদায় বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ছাড়ার আগে কোচ রেনে কোস্টার বলেছিলেন, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের চূড়ান্ত পর্বে যেতে চায় বাংলাদেশ। কিন্তু ইরাকের কাছে বিধ্বস্ত হয়ে সেই স্বপ্নে বড় রকমের ধাক্কা খেয়েছিল যুবদল। অবশ্য পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। শক্তিশালী কুয়েতের বিপক্ষে ১০ জন নিয়েও ১-০ গোলের জয়ে সেরা রানার্সআপ দলের একটি হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনাও ধরে রেখেছিলেন বাংলাদেশের যুবারা। কিন্তু ইরাকের আরবিল শহরে কাল গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বাজাল বাংলাদেশের।

কুয়েতকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষেও তিন পয়েন্ট পেলে বাংলাদেশ ভালোভাবেই দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারত। এখন তিন ম্যাচে ১ জয়, ১ ড্র ও ১ হারে বাংলাদেশের পয়েন্ট মাত্র ৪। সমান ম্যাচে মাত্র ১টি ড্র ও ২ হারে পাকিস্তানের পয়েন্ট ১। টানা দুটি জয়ে ‘সি’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে যাওয়ার পথে অনেকটা এগিয়ে স্বাগতিক ইরাক।