বাছাইপর্বের খেলা বিনা টিকিটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে ভারতে হবে মহিলা বিশ্বকাপ ক্রিকেট। তার আগে আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশে শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম এবং বিকেএসপি ১ ও ২ নম্বর মাঠে হবে বাছাইপর্বের খেলা।মাঠে দর্শক টানতে বিশ্বকাপ বাছাইপর্বে থাকবে না কোনো টিকিট। দর্শকেরা খেলা দেখতে পারবে বিনা টিকিটে। কাল এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালই জানিয়েছেন এ তথ্য। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, মহিলা উইংয়ের প্রধান আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এবং স্থানীয় আয়োজক কমিটির সমন্বয়ক আলী আহসান।ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলবে। ১০ দলের বাছাইপর্বের সেরা চারটি দল যোগ দেবে তাদের সঙ্গে। বাছাইপর্বের ‘এ’ গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, হল্যান্ড, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপের দলগুলো হলো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, জাপান ও বাংলাদেশ। ফাইনাল ২৬ নভেম্বর। বাছাইপর্ব খেলতে আগামী ৭ নভেম্বর থেকেই ঢাকায় আসতে শুরু করবে দলগুলো।সংবাদ সম্মেলনে বিসিবির মহিলা উইংয়ের প্রধান জানিয়েছেন, ‘বাছাইপর্বের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি ভালো। তিন-চার মাস ধরেই নিবিড় অনুশীলন করছেন খেলোয়াড়েরা। দলের সঙ্গে এর মধ্যেই যোগ দিয়েছেন ভারতীয় মহিলা কোচ মমতা মাবেন।’ এ ছাড়া মহিলা দলের পক্ষ থেকে জাতীয় দলের ফিল্ডিং কোচ জেসন সুইফটের সাহায্য চাওয়া হবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।টুর্নামেন্টের জন্য বিসিবিকে আইসিসি দেবে ৩ লাখ ১৯ হাজার ডলার। তবে এই অর্থকে অপ্রতুল বলছে বিসিবি। সেজন্য নিজেদের কোষাগার থেকে তারা দেবে আরও প্রায় ৮০ লাখ টাকা।