বাছাইপর্বের পুনরাবৃত্তির আশায় ডেনমার্ক
বিশ্বকাপের একটি গতানুগতিক দল ডেনমার্ক। এ পর্যন্ত যতবার তারা বিশ্বকাপ খেলতে এসেছে, ততবারই তাদের ফলাফল খুব একটা খারাপও নয়, আবার আহামরি কিছুও নয়। কখনই প্রথম পর্ব থেকে বিদায় নেয়নি তারা। আবার কখনোই তাদের ফলাফলকে আরও ওপরে নিয়ে যেতে পারেনি। ১৯৯২ সালে ইউরোপীয় শিরোপা ঘরে তুলে সবাইকে চমকে দিয়েছিল দলটি। কিন্তু এরপর তাঁদের আর কোনো বড় ধরনের সাফল্য নেই।এবারের বিশ্বকাপে নিজেদের রেকর্ডকে আরও একটু সমৃদ্ধ করতে চায় তারা। যেতে চায় অনেক দূর। তবে সেই ‘অনেক দূর’ কত দূর, সে ব্যাপারে তাদেরও বোধহয় তেমন একটা ধারণা নেই। কোচ মর্টেন ওলসেনও এই ‘অনেক দূর’ যাওয়ার সম্ভাবনার কথাই বলেছেন রয়টার্সকে। বলেছেন, ‘আক্রমণ ভাগের খেলোয়াড়েরা গোল করতে পারলেই আমরা বিশ্বকাপে অনেক দূর যেতে পারব।’ খুবই গতানুগতিক কথা। আক্রমণ ভাগের খেলোয়াড়েরা গোল করলে যে যেকোনো দলই অনেক দূর যেতে পারে। তবে আক্রমণ ভাগের খেলোয়াড়েরা আদৌ গোল করতে পারবেন কি না, বিবেচ্য বিষয় সেটাই। তবে ওলসেন দৃষ্টি ফেরাতে পারেন বিশ্বকাপ বাছাইপর্বের দিকে। এই মুহূর্তে বাছাইপর্বে ডেনমার্কের পারফরম্যান্সটাকেই চূড়ান্ত পর্বে মনেপ্রাণেই টেনে নিয়ে আসতে চাইবেন তিনি। সুইডেন, পর্তুগাল, হাঙ্গেরিকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে আসাকে অনুপ্রেরণাই বানাতে পারে ডেনমার্ক।এবারের বিশ্বকাপে ডেনমার্কের অবস্থান ‘ই’ গ্রুপে। সঙ্গী ফুটবল পরাশক্তি নেদারল্যান্ডস, আফ্রিকার ‘অদম্য সিংহ’ ক্যামেরুন ও এশিয়ার অন্যতম প্রতিনিধি জাপান। ডেনমার্কের বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে গ্রুপটিকে একটু কঠিনই বলা যায়। ক্যামেরুন ডেনমার্ককে যথেষ্টই বেগ দেবে। জাপানের বিপক্ষে জেতার কথাও হলফ করে বলতে পারছে না ডেনিসরা। আর বাকি রইল নেদারল্যান্ডস। ডাচদের বর্তমান ফর্মের বিচারে তারা ডেনমার্কের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে বিশেষ কিছু না ঘটলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে যাচ্ছে স্ক্যন্ডেনেভীয় এই দেশটি।ডেনিস কোচ ওলসেন সম্ভবত এবারের বিশ্বকাপে সবচেয়ে নির্ভার কোচ। তিনিই একমাত্র কোচ যাঁর ফলাফলের বিচারে চাকরি যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। ১০ বছর ধরেই এই চাকরির জন্য ডেনিস ফুটবল ফেডারেশনের একমাত্র আস্থা তিনিই। এরই মধ্যে ফেডারেশনের কর্তারা ইঙ্গিত দিয়ে রেখেছেন, বিশ্বকাপে ফলাফল যাই হোক, ওলসেন তাঁর পদ থেকে সরছেন না।১৯৯২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের পর থেকে একজন পিটার স্মাইকেল কিংবা লাউড্রপ ভাইরা ডেনমার্কের সব আশা-ভরসার প্রতীক ছিলেন। তাঁরা মাঠেও সেই ভরসার প্রতিদান দিয়েছিলেন। কিন্তু এবারের বিশ্বকাপে তাঁরা নেই। একজন স্মাইকেল, কিংবা লাউড্রপদের খুঁজে পেতে ডেনমার্ককে আর কতকাল অপেক্ষা করতে হবে কে জানে।