বাছাইয়ে নেই ইতালি
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। দুবারের রানার্সআপ। ২০১৪ বিশ্বকাপেও ইতালি শিরোপার অন্যতম দাবিদার থাকবে। তবে এটা নিশ্চিত, ব্রাজিলে মানুষের ‘ফেবারিট’ ইতালি ‘কাগজে-কলমের ফেবারিট’ নয়! ব্রাজিল বিশ্বকাপের আট শীর্ষ বাছাই দলের তালিকায় ইতালি নেই।
পরশু প্রকাশিত ফিফার সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে আগামী ৬ ডিসেম্বর কোস্তা ডা সাইপে সমুদ্রসৈকতে হবে বিশ্বকাপের ড্র। শুধু ইতালির না থাকাই নয়, র্যাঙ্কিংয়ের শীর্ষ আটের তালিকাটাই চমকে ভরা। ফিফা নিয়ম করেছে র্যাঙ্কিংয়ের সেরা সাত দলের সঙ্গে ১১ নম্বরে থাকা স্বাগতিক ব্রাজিল শীর্ষ আটে থাকবে। র্যাঙ্কিং নিশ্চিত করে দিয়েছে ইতালির সঙ্গে ইংল্যান্ডও থাকছে না সেরা আটে। এমনকি জর্ডানকে প্লে-অফে হারিয়ে উরুগুয়ে চূড়ান্ত পর্বে উঠলে ২০১০ বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ডের জায়গাও হবে না শীর্ষ আটে। অথচ সেরা আটের তকমা নিয়ে মাঠে নামবে কলম্বিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড!
গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আর্মেনিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইতালি। নিজেদের মাটিতে দুর্বল আর্মেনিয়ার সঙ্গে এই ড্র ইতালিকে চার থেকে এক ধাক্কায় নামিয়ে দিয়েছে আট নম্বরে। তুরস্কের সঙ্গে ২-০ গোলে জেতা হল্যান্ডও আটে। তবে দশমাংশ ব্যবধানে এগিয়ে ডাচরা। ফ্রান্স সেরা আটে দূরে থাক, বিশ্বকাপে যেতে পারবে কি না সেটাই নিশ্চিত নয়। ১৯৯৮ চ্যাম্পিয়ন ও ২০০৬ রানার্সআপদের নামতে হচ্ছে প্লে-অফে। সেখানেও তাদের ভয়, প্লে-অফের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল হবে না তো! র্যাঙ্কিংয়ে ফরাসিদের চেয়ে এগিয়ে থাকায় প্লে-অফের শীর্ষ চার বাছাই পর্তুগাল, গ্রিস, ক্রোয়েশিয়া ও ইউক্রেন। ফ্রান্সের কোচ লরাঁ ব্লাঁ প্রার্থনা করছেন, আগামী সোমবারের প্লে-অফের ড্র-ভাগ্য যেন পর্তুগালের সামনে দাঁড় করিয়ে না দেয়, ‘পর্তুগালকে এড়াতে চাওয়াটা যুক্তিসংগতই। কারণ তাদের আছে ক্রিস্টিয়ানো রোনালদো। সে গ্রেট খেলোয়াড় এবং ম্যাচের বড় নিয়ামক।’
নতুন র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০
দল রেটিং
১ (১) স্পেন
২ (৩) জার্মানি
৩ (২) আর্জেন্টিনা
৪ (৫) কলম্বিয়া
৫ (৬) বেলজিয়াম
৬ (৭) উরুগুয়ে
৭ (১৪) সুইজারল্যান্ড
৮ (৯) হল্যান্ড
৮ (৪) ইতালি
১০ (১৭) ইংল্যান্ড
* ব্র্যাকেটে আগের র্যাঙ্কিং