লড়াইটা এমনিতেই হতো স্নায়ুক্ষয়ী। ম্যাচটা যে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার। কিন্তু দক্ষিণ কোরিয়া-ইরান ম্যাচটিকে ঘিরে উত্তেজনার পারদ চড়েছে নতুন উচ্চতায়। দুই দলের প্রতিদ্বন্দ্বিতার দীর্ঘ ইতিহাস, প্রথম লেগটা ইরানে খেলতে গিয়ে কোরিয়ানদের তিক্ত অভিজ্ঞতা, চূড়ান্ত পর্বে ওঠার উত্তেজনা আর হুল ফোটানো কথা চালাচালিতে উত্তেজনা পেয়েছে নতুন মাত্রা। আর ইরান-কোরিয়ার এই তপ্ত লড়াইয়ের ঝাঁজে বাকি ম্যাচগুলো হারিয়েছে প্রাপ্য মনোযোগ। ‘এ’ গ্রুপের এ ম্যাচটা ইরান জিতলে সরাসরি পাবে ব্রাজিলের টিকিট। দক্ষিণ কোরিয়ার অবশ্য জয়ও লাগবে না, ড্র করে ১ পয়েন্ট পেলেই হয়। আবার হেরেও তারা চূড়ান্ত পর্বে উঠতে পারে, যদি অন্য ম্যাচে উজবেকিস্তান বড় ব্যবধানে না হারায় কাতারকে। তবে আজ উলসানে ইরানিদের শুধু হারানোই নয় ‘জীবন ওষ্ঠাগত’ করে তোলারও প্রতিজ্ঞা করেছে দক্ষিণ কোরিয়া। প্রতিজ্ঞা করেছে ইরানি অধিনায়ককে কাঁদাতে। আর সেটা সাধারণ কান্না হবে না, জলের বদলে নাকি ঝরবে রক্ত! কোরিয়ানদের অভিযোগ, গত অক্টোবরের ইরান সফরে তাদের সঙ্গে যাচ্ছেতাই আচরণ করা হয়েছে। ভিসা-সমস্যা থেকে শুরু করে ছিল অনুশীলনে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব। কোরিয়ানদের নাকি কিছুই ঠিকমতো করতে দেয়নি ইরান। যে কারণে তেহরানের ওই ম্যাচে দক্ষিণ কোরিয়া হেরে যায় ০-১ গোলে!আর এর জেরে এখন চলছে পাল্টাপাল্টি কথার তোপ দাগাদাগি। ইরানিদের জীবন অতিষ্ঠ করে দেওয়া হবে—কোরিয়ান কোচ চই ক্যাং-হির এই প্রতিজ্ঞার পর ইরানের কোচ কার্লোস কুইরোজ ও অধিনায়ক জাভাদ নেকুনাম তীব্র ভাষায় এর প্রতিবাদ করেন। নেকুনাম ঘোষণা দেন, কোরিয়াকে হারিয়েই চূড়ান্ত পর্বে জায়গা নেবে ইরান। এরপরই কোরিয়ানরা দল বেঁধে আক্রমণ করছে ইরানি অধিনায়ককে। স্ট্রাইকার সন হিউং-মিনই করেছেন সবচেয়ে ঝাঁজালো আক্রমণটা, ‘আমি তাঁর চোখ দিয়ে রক্ত ঝরাব। নেকুনাম এমনিতেই বাচাল। আমি যা করার মাঠেই করব। ওদের আমরা কমসে কম ৩-৪ গোলে হারাব।’ আরেকজন তো দাবি করলেন নেকুনামকে তিনি চেনেনই না। এই ম্যাচে ইরান হেরে গেলে, আর নিজ দেশে কাতারকে হারাতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপে উঠে যাবে উজবেকিস্তান। ড্র করলে বা হারলেও প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ থাকবে দলটির। ‘বি’ গ্রুপ থেকে জাপান আগেই উঠে গেছে চূড়ান্ত পর্বে। আজ সিডনিতে ইরাককে হারালে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া (১০ পয়েন্ট) পা হড়কালে, আর আম্মানে জর্ডানকে যদি হারাতে পারে ওমান, প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করবে ১ পয়েন্ট পেছনে থাকা মধ্যপ্রাচ্যের দেশটি। জর্ডানও (৭) অবশ্য ছেড়ে কথা কইবে না, সরাসরি না হোক প্লে-অফ খেলার সুযোগ তো তাদেরও আছে। এএফপি। পয়েন্ট তালিকাগ্রুপ ‘এ’ ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্টদ. কোরিয়া ৭ ৪ ২ ১ ১৩/৬ ১৪ইরান ৭ ৪ ১ ২ ৭/২ ১৩উজবেকিস্তান ৭ ৩ ২ ২ ৬/৫ ১১কাতার ৭ ২ ১ ৪ ৪/৮ ৭লেবানন ৮ ১ ২ ৫ ৩/১২ ৫গ্রুপ ‘বি’জাপান ৮ ৫ ২ ১ ১৬/৫ ১৭অস্ট্রেলিয়া ৭ ২ ৪ ১ ১১/৭ ১০ওমান ৭ ২ ৩ ২ ৭/৯ ৯জর্ডান ৭ ২ ১ ৪ ৬/১৬ ৭ইরাক ৭ ১ ২ ৪ ৪/৭ ৫দুই গ্রুপের প্রথম দুটি দল সরাসরি খেলবে চূড়ান্ত পর্বে তৃতীয় স্থানের দুটি দলের প্লে-অফে বিজয়ীরা আবার প্লে-অফ খেলবে দক্ষিণ আমেরিকার পঞ্চম দলের সঙ্গে পয়েন্ট সমান হলে প্রথম বিবেচ্য গোল ব্যবধান।