বাজারে বিশ্বকাপের টিকিট
বিশ্বকাপের সব দল এখনো চূড়ান্ত হয়নি, ড্র তো অনেক দূর। কিন্তু শুরু হয়ে গেছে ইন্টারনেটে টিকিট বিক্রি। বাংলাদেশ সময় গতকাল ভোর চারটায় ব্রাজিল বিশ্বকাপের টিকিট ছাড়া হয়েছে ফিফার ওয়েবসাইটে। প্রথম দফার ১০ লাখ টিকিট পাওয়া যাবে ৬ অক্টোবর পর্যন্ত। মোট টিকিটের তিন লাখ বরাদ্দ স্বাগতিক ব্রাজিলের দর্শকদের জন্য। তা-ও আবার সবার জন্য নয়, কেবল ষাটোর্ধ্ব, ছাত্র ও কিছু সামাজিক সুবিধাভোগীরাই পাবেন এসব টিকিট। এগুলোর দামও কম, চার নম্বর ক্যাটাগরির এসব টিকিট কিনতে খরচ হবে ১৫ থেকে ৮২.৫ ডলার (প্রায় বার শ থেকে সাড়ে ছয় হাজার টাকা)।
বিদেশিদের অন্য বরাদ্দকৃত অন্য তিন ক্যাটাগরির টিকিটের দাম অনেক বেশি। শুধু সাও পাওলোর উদ্বোধনী ম্যাচের টিকিট পেতেই খরচ করতে হবে ২২০ থেকে ৪৯৫ ডলার (প্রায় ১৭ হাজার থেকে ৩৮ হাজার টাকা)। আর মারাকানার বহুল আরাধ্য ফাইনালের টিকিটের দাম ৪৪০ থেকে ৯৯০ ডলার (প্রায় ৩৪ হাজার থেকে ৭৬ হাজার টাকা)। এএফপি, ওয়েবসাইট।