বাজি ধরতে পারেন চিলির পক্ষেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলকে পরীক্ষাই দিতে হবে উজ্জীবিত চিলির সঙ্গে ছবি: রয়টার্স
ব্রাজিলকে পরীক্ষাই দিতে হবে উজ্জীবিত চিলির সঙ্গে ছবি: রয়টার্স

‘আমার বিশ্বাস চিলি বিশ্বকাপ জিততে পারে, সেটি বিশ্বাস না করলে বাসায় বসে টিভিই দেখতাম’—বিশ্বকাপের আগে এমনই দুঃসাহসিক মন্তব্য করেছিলেন চিলির অন্যতম ভরসা আলেক্সিস সানচেজ। তখন অনেকে কথাটা হয়তো হেসেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বার্সা তারকার কথা যে কেবল বলার জন্যই বলা নয়, সেটার প্রমাণ কিন্তু পাওয়া গেছে গ্রুপ পর্বেই। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে আর দ্বিতীয় ম্যাচে স্পেনের ‘টিকি-টাকা’কে মিথ্যে বানিয়ে বেশ দাপটের সঙ্গেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে চিলি। হল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচের লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও শেষ অবধি ২-০ গোলে হেরে গ্রুপের শীর্ষস্থানে বসা হয়নি তাদের। কিন্তু প্রথম পর্বে চিলি প্রমাণ করেছে, ফেলে দেওয়ার মতো দল তারা মোটেও নয়।

দ্বিতীয় পর্বের লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে চিলি কিন্তু বেশ নির্ভারই। যদিও ইতিহাস, ঐতিহ্য, শক্তির দিক দিয়ে ব্রাজিল-চিলির ব্যবধান বিস্তর। তবুও এমন চনমনে, দুরন্ত চিলিকে সর্বশেষ কবে মোকাবিলা করেছে সেলেসাওরা? ব্রাজিল কোচ স্কলারি বলছেন, ‘২০১৪ সালের এ চিলি সম্পূর্ণ ভিন্ন। তারা ভিন্ন ধাঁচের। এখানে পরিসংখ্যানটা মুখ্য নয়। ওগুলোয় আমাদের আগ্রহ নেই। সাম্পোলি (চিলির কোচ) আসার পরে তারা নতুন গতি পেয়েছে।  খেলোয়াড়েরা দারুণ খেলছে। এ ধারার খেলার সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে। শুরু থেকে এখনো পর্যন্ত এবারই তারা সবচেয়ে ভালো খেলেছে।’ 

ব্রাজিলের মাটিতে কোনো ধরনের ম্যাচেই ব্রাজিলকে হারাতে পারেনি চিলি। এমনকি বিশ্বকাপেও নয়। তবুও চিলির চোখে উঁকি দিচ্ছে ইতিহাস গড়ার স্বপ্ন। স্পেনের মতো বিরাট ‘দৈত্য বধে’র পর তাদের আত্মবিশ্বাস এমন তুঙ্গে। আরেকটি বিষয়ও মনে রাখতে হবে, চিলির মতো দলের হারানোর কিছু নেই। ফলে চিলিয়ানরা মাঠে নামবে ফুরফুরে মেজাজে। এ ধরনের দল কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত—১৯৯৪ বিশ্বকাপের বুলগেরিয়া, ১৯৯৮’র ক্রোয়েশিয়া আর ২০০২-এর তুরস্ক। নেইমার যতই বলুন, ‘চাপ, কিসের চাপ’—ব্রাজিল ঠিকই মাঠে নামবে পর্বতপ্রমাণ প্রত্যাশার চাপ নিয়েই। চিলিকে হারালে খুব বেশি বাহাবা হয়তো পাবে না, কিন্তু হারলেই খুন! এখন ব্রাজিলের স্নায়ুচাপের এ সুযোগ চিলি কতটুকু কাজে লাগাতে পারে, সেটিই দেখার। এএফপি, রয়টার্স।