অন্য চোখে: বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন লিখছেন প্রথম আলোয়
বাজি ধরেছিলাম হল্যান্ডের পক্ষে

সাও পাওলা থেকে ঢাকা ফিরছিলাম ১৩ জুন। আমার সঙ্গে শ্রীলঙ্কা-ভুটানসহ আরও কয়েকটি দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি। ফিফার কংগ্রেসে যোগ দিতে ব্রাজিল গিয়েছিলাম আমরা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা দেখে দেশে ফেরার পথটা আমার জন্য এত আনন্দময় হলো যে, সেটি অনেক দিন মনে থাকবে ।
এমনিতে বিমানভ্রমণ ভীষণ একঘেয়ে লাগে এখন। ১৭ ঘণ্টা পর একটু বিশ্রাম পেলাম দুবাই বিমানবন্দরে যাত্রাবিরতিতে। ওখানে নামার পরপরই শুরু হল্যান্ড-স্পেন ম্যাচ। আমি তো মহাখুশি। প্রিয় দল হল্যান্ডের খেলা দেখার সুযোগ পাচ্ছি। আমরা যে কজন দুবাই বিমানবন্দরে বসে খেলাটা দেখলাম, সবাই বলছিল স্পেন জিতবে। আমিই একমাত্র হল্যান্ড।
এটা নিয়ে মজা করে বাজি-টাজিও ধরাধরি হয়ে গেল আমাদের মধ্যে। স্পেন প্রথম গোল করে এগিয়ে যাওয়ার পর অন্যরা বেশ খোঁচাখুঁচি শুরু করল আমাকে নিয়ে। আমি বললাম, ‘ভাইয়েরা, দাঁড়ান। এত উৎফুল্ল হবেন না।’ তারপর তো হল্যান্ড ভেলকি দেখাচ্ছে আর আমি সঙ্গীদের বলছি, ‘দেখুন, এবার কে কাকে হারায়!’ ম্যাচ শেষে সবার চোখমুখ কালো, উজ্জ্বল একমাত্র আমি। বাজিতে আমার জয়! সে এক উপভোগ্য সময়। ম্যাচ শেষ হওয়ামাত্র ঢাকাগামী বিমান ছাড়ল।
পুরো যাত্রাপথ তো বটেই, এখনো হল্যান্ডের খেলাটা চোখে লেগে আছে। মাঝমাঠ দারুণ খেলল, যে কারণে ফন পার্সি-রোবেনকে অমন দুর্বার লাগল । স্নাইডারের খেলাটা ওভাবে হয়তো চোখে পড়েনি, কিন্তু কার্যকর ফুটবল খেলে গেলেন তিনি । আসলে লুই ফন গালের দল বিশ্বকাপের শুরুতেই মুগ্ধ করে দিয়েছে।
কিন্তু স্পেন? ওরা ভালো শুরু করলেও তা আর ধরে রাখতে পারেনি। স্পেন গোলরক্ষক ক্যাসিয়াসের খেলা দেখতে দেখতে মনে পড়ছিল হোসে মরিনহোর কথা। তিনি তো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ক্যাসিয়াসের জন্যই। ক্যাসিয়াসকে বসিয়ে রেখেছিলেন বলে কম সমালোচনা শুনতে হয়নি। কিন্তু মরিনহো যে ঠিক কাজটিই করেছেন, সেটার প্রমাণ মিলল স্পেন-হল্যান্ড ম্যাচে। আসলে যে যা-ই বলুন, মরিনহোর মতো কোচরা ভেবেচিন্তেই কাজ করেন। আবেগকে প্রশ্রয় দেন না। দলের সেরা ১১ জনকেই মাঠে নামান। পত্রপত্রিকায়ও দেখছি তা নিয়েই লেখা হচ্ছে এখন। কিন্তু দেল বস্ক যুক্তির চেয়ে আবেগাক্রান্ত হলেন বেশি। নইলে তিনি ক্যাসিয়াসকে খেলাবেন কেন! ক্যাসিয়াসের দিন শেষ, হল্যান্ড ম্যাচ সেটা দেখিয়ে দিল।
স্পেনের টিকি-টাকার মৃত্যুঘণ্টাও তো বেজেছে। মূলত এই টিকি-টাকা বার্সেলোনার আবিষ্কার। সেই বার্সার টিকি-টাকা আগেই শেষ, এবার স্পেনের জার্সিতেও সেটি থেমে গেল। স্পেন এবার বেশি দূর যেতে পারবে বলে মনে হচ্ছে না, যদিও না ওরা নতুন কিছু আবিষ্কার করে। আশা করি, স্পেন কোনো একটা সূত্র বের করে পরের ম্যাচে নামবে।
জার্মানি-পর্তুগাল আজ মুখোমুখি হওয়ায় বোঝা যাবে, এই দুই দল কতটা তৈরি। আমি বরাবরই জার্মানিকে হিসাবের মধ্যে রাখি। হল্যান্ড, ইতালি, জার্মানির মতো দলগুলোকে আপনি কখনোই খাটো করে দেখতে পারবেন না। সমীহ করতেই হবে।
পর্তুগালও ভালো দল, তবে খুব বেশি দূর ওরা যেতে পারবে বলে মনে করার কারণ নেই। আজ থেকে বেশ কয়েক বছর আগে স্পেনকে নিয়ে চারদিকে যেমন সাধারণ ধারণা ছিল, ওরা ভালো দল, কিন্তু ফল পাওয়ার মতো অবস্থায় পৌঁছেনি। এখনকার পর্তুগালের অবস্থাও তাই। ভালো দল, কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা কম। তার পরও রোনালদো আছে বলে দলটার ওপর আলো পড়ছে। সেই আলোয় উদ্ভাসিত হতে রোনালদোকেই নিতে হবে অগ্রণী ভূমিকা।
যেমনটা এরই মধ্যে নেইমার নিয়েছে ব্রাজিলের হয়ে। গত রাতে মেসি কেমন করেছে জানি না, তবে সোনার জুতার দৌড়ে আমার প্রথম পছন্দ আর্জেন্টাইন জাদুকর শুভসূচনা করবেন, এমন প্রত্যাশায়ই আছি।